বিনিয়োগ বোর্ড শক্তিশালী কাগজে-কলমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগের জন্য বিদেশি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশের নীতি আকর্ষণীয়। তবে নীতি বাস্তবায়নে সমস্যা আছে। বিনিয়োগ বোর্ড প্রয়োজনীয় সেবাগুলো দিতে যথেষ্ট সক্ষম নয়। জমি ও গ্যাস-বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত দিতে পারছে না বোর্ড।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ‘দ্বিতীয় যৌথ চেম্বারের সভা’য় কয়েকটি যৌথ ব্যবসায়ী চেম্বারের নেতারা এসব অভিযোগ করেন। তাঁরা বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে বিনিয়োগ বোর্ডকে শক্তিশালী হতে হবে। এটিকে কাগজে-কলমে শক্তিশালী না রেখে কার্যকরভাবেই করতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) যৌথভাবে সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভাপতিত্ব করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। স্বাগত বক্তব্য দেন ক্যানচেমের সভাপতি মাসুদ রহমান।
অভিযোগের বিষয়ে এস এ সামাদ বলেন, ‘আইনিভাবে বিনিয়োগ বোর্ড খুবই শক্তিশালী। তবে আমাদের পদ্ধতিগত কিছু সমস্যা আছে। বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক দপ্তরই স্বায়ত্তশাসিত। বোর্ডকে সহযোগিতা করার কথা থাকলেও তাদের অনেকেই করছে না। তা ছাড়া বিনিয়োগ বোর্ডের লোকবলের সংকট তো আছেই।’
ভারত-বাংলাদেশ চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর বিন আলম বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের জন্য জমি পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। তা ছাড়া গ্যাস-বিদ্যুতের সংযোগ সহজে পাওয়া যায় না।’ তিনি বলেন, ভারতে একটি বিনিয়োগ প্রস্তাব নির্দিষ্ট দপ্তরে জমা দিলে ২১ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করে দেওয়া হয়। বাংলাদেশে এমন কিছু করতে হবে।
ফ্রান্স-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি মন্টফোর্ট গিসেএজ বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ খুবই ভালো। গত বছর ফ্রান্সের কয়েকটি প্রতিষ্ঠান এ দেশে ব্যবসা শুরু করেছে। আশা করছি, চলতি বছর আরও বেশিসংখ্যক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী সচেতন আছেন। জমির সমস্যা সমাধানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এ ছাড়া আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করতে সরকার ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। অন্যদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি বাস্তবায়নাধীন আছে।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান এবং চীন–বাংলাদেশ, ফিলিপাইন-বাংলাদেশ, ডাচ্-বাংলা চেম্বার, ইতালি-বাংলাদেশ চেম্বার এবং তুর্কি-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিরা। সভার শুরুতে একটি বিনিয়োগ সম্মেলন ও প্রদর্শনীর বিষয়ে ক্যানচেম ও বিনিয়োগ বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।