
ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূরে গাজীপুরের সফিপুরে অবস্থিত অ্যাপেক্স ফুটওয়্যার। কারখানাটিতে গ্যাস-সংযোগ আছে। তবু গত চার মাসে বয়লারের জ্বালানি বাবদ অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ টাকা খরচ করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। কারণ গ্যাসের চাপ কম। উৎপাদন অব্যাহত রাখতে বিকল্প জ্বালানি বাবদ বাড়তি এই অর্থ ব্যয় করতে হয়েছে। এতে বেড়ে গেছে পণ্যের উৎপাদন খরচও। তাতে কমে গেছে লাভের হিস্যা।
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই অবকাঠামোসহ বিদ্যমান নানা প্রতিবন্ধকতার কারণে ব্যক্তিশ্রেণির নতুন বিনিয়োগ বাড়ছে না। অনেক দিন ধরেই আমরা সেটি বলে আসছি। সেসব সমস্যার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে এখন নতুন সমস্যা “ব্যবসার খরচ বৃদ্ধি”।’
নাসিম মঞ্জুর আরও বলেন, যেভাবে ব্যবসার খরচ বেড়ে চলেছে, তাতে প্রতিযোগিতা সক্ষমতা বা মুনাফা কমছে। মুনাফা কমে গেলে কখনোই কেউ বিনিয়োগে আগ্রহী হবেন না। বিনিয়োগ সেখানেই হবে, যেখানে মুনাফার সম্ভাবনা বেশি। এটাই বিনিয়োগের ধর্ম।
গেল ব্যবসার খরচ বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার উদাহরণ। এর বাইরে গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোসহ উপযুক্ত সুযোগ-সুবিধার অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার অনেক উদাহরণ শোনা যায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করলেই। দেশীয় ব্যবসায়ীরা যেখানে বিনিয়োগে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, সেখানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি এখন একটু দূরের ভাবনা বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা বিনিয়োগ বা ব্যবসা করেন মুনাফার আশায়। তাই বিনিয়োগের আগে তাঁরা ভবিষ্যতের অর্থনীতির গতিশীলতা, ব্যবসার খরচ ও তার বিপরীতে সম্ভাব্য মুনাফা—এসব বিষয়কে বিবেচনায় নেন। ভবিষ্যতের মুনাফার নিশ্চয়তার জন্য অর্থনীতিতে গতিশীলতা থাকবে কি না, এটা ব্যবসায়ীরা বিশ্বাস করতে পারছেন না। তাই তাঁরা বিনিয়োগে আগ্রহও দেখাচ্ছেন না।
বিনিয়োগসংক্রান্ত সরকারি তথ্য বলছে, সাত বছরের বেশি সময় ধরে দেশে বেসরকারি বিনিয়োগ একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের হার সাড়ে ২১ থেকে সাড়ে ২২ শতাংশে সীমিত হয়ে পড়েছে। বর্তমান সরকারের আগের মেয়াদের শুরুতে ২০০৮-০৯ অর্থবছরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির ২১ দশমিক ৮৭ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে এই পরিমাণ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক শূন্য ৭ শতাংশে। আর চলতি ২০১৫-১৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী বছর শেষে তা কমে দাঁড়াবে জিডিপির ২১ দশমিক ৭৮ শতাংশে।
এ অবস্থায় আগামী বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধিকেই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। অর্থনীতিবিদেরা বলছেন, মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিকে টেকসই করতে হলে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলছে, ব্যক্তি খাতের বিনিয়োগ না বাড়ায় কমে গেছে কর্মসংস্থানও।
এমসিসিআইয়ের সভাপতি নাসিম মঞ্জুর বলেন, ‘আমাদের বাজেটে রাজস্ব আহরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ রাজস্ব বাড়াতে হলে সবার আগে দরকার বিনিয়োগ বাড়ানো। তাই আগামী বাজেটে রাজস্ব আহরণের চেয়ে বিনিয়োগকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। গ্যাস, বিদ্যুৎ, জমি, অবকাঠামোসহ সমস্যার সমাধানের পাশাপাশি ব্যবসার খরচ কমাতে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলোর মান উন্নত করার প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি।’
দেশের একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস, বিদ্যুৎ সমস্যার কারণে অনেক বিনিয়োগকারী ঋণখেলাপি হতে বসেছেন। তেমনই এক উদাহরণ পাওয়া গেল বস্ত্র খাতে।
ময়মনসিংহের ভালুকায় ২০১০ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে সারাজ ফাইবার টেক নামে একটি স্পিনিং মিল প্রতিষ্ঠা করেন জহুরুল ইসলাম। সেই কারখানাটিতে বিদ্যুৎ-সংযোগ মেলে গত বছরের জুলাইয়ে। তারপরই সীমিত পর্যায়ে উৎপাদন শুরু করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার জহুরুল ইসলাম। আর তত দিনে প্রতিষ্ঠানটি স্থাপনে নেওয়া ৮ কোটি টাকার ব্যাংকঋণ সুদাসলে ১৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
দীর্ঘদিন উৎপাদনে যেতে না পারায় ব্যাংকঋণের নিয়মিত কিস্তি পরিশোধও সম্ভব হয়নি জহুরুলের। ফলে দুই দফায় ঋণ পুনঃ তফসিল করা হয়েছে। এখন তা আবার তৃতীয় দফায় পুনঃ তফসিলের আবেদন নিয়ে ব্যাংকে দেনদরবার করছেন তিনি। জহুরুল প্রথম আলোকে বলেন, বর্তমানে উৎপাদনক্ষমতার মাত্র অর্ধেকটা ব্যবহৃত হচ্ছে। কারণ, এখনো গ্যাস-সংযোগ মেলেনি।
বিনিয়োগসংক্রান্ত যেসব তথ্য-উপাত্ত রয়েছে, তাতে নেতিবাচক বার্তাই পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত অর্থবছরের (২০১৪-১৫) জুলাই-এপ্রিলের চেয়ে চলতি অর্থবছরের (২০১৫-১৬) একই সময়ে শিল্পের কাঁচামাল আমদানির পরিমাণ কমে গেছে। পাশাপাশি কমে গেছে মূলধনি যন্ত্রপাতি আমদানিও।
২০১৪-১৫ অর্থবছরের উল্লিখিত সময়ে শিল্পের কাঁচামাল আমদানির এলসি (লেটার অব ক্রেডিট বা ঋণপত্র) নিষ্পত্তির হার ছিল ৪ দশমিক ১৬ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে নেমে এসেছে ৩ দশমিক ৬৪ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি নিষ্পত্তির হার ছিল প্রায় ২১ শতাংশ। আর চলতি অর্থবছরের একই সময়ে তা নেমে এসেছে সোয়া ১২ শতাংশে। অর্থাৎ শিল্পের কাঁচামাল আমদানি কমার পাশাপাশি কমে গেছে মূলধনি যন্ত্রপাতি আমদানিও।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে অর্থপ্রবাহ আগের বছরের চেয়ে বেড়েছে। ২০১৪ সালের মার্চের চেয়ে ২০১৫ সালের মার্চে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির হার ছিল ১৩ দশমিক ৬৩ শতাংশ। চলতি বছরের মার্চে সেই প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৬ শতাংশে।
তবে কোথায় যাচ্ছে বেসরকারি খাতের এসব ঋণ? বেসরকারি খাতের ঋণপ্রবাহের ব্যবহার বেশি বাড়ছে অনুৎপাদনশীল খাতে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ২০১৪ সালে ব্যাংক খাতে ভোক্তাঋণের পরিমাণ ছিল ৪ হাজার ৫১১ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০২ কোটি টাকায়। এ ছাড়া ২০১৪ সালে ব্যক্তিগত ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৯৫০ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা বেড়ে হয়েছে ২ হাজার ৩৮২ কোটি টাকা। অর্থাৎ উৎপাদনশীল খাতে বিনিয়োগ স্থবিরতা রয়েই গেছে।