বিনিয়োগ ৬৫৪ কোটি টাকা, তিন বছরে আয় ১২ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোর দৈনন্দিন যাত্রীর চাপ কমাতে ডেমু আমদানি করেছিল রেলওয়ে, কিন্তু এখন অধিক দূরত্বের গন্তব্যেও চালানো হচ্ছে। ছবিটি গত শনিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা l প্রথম আলো
ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোর দৈনন্দিন যাত্রীর চাপ কমাতে ডেমু আমদানি করেছিল রেলওয়ে, কিন্তু এখন অধিক দূরত্বের গন্তব্যেও চালানো হচ্ছে। ছবিটি গত শনিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা l প্রথম আলো

রেলওয়ে ২০ সেট ডেমু ট্রেন ৬৫৪ কোটি টাকা দিয়ে কিনে তিন অর্থবছরে আয় করেছে ১২ কোটি টাকার সামান্য বেশি। তিন বছর আগে আনা এই ট্রেনের যান্ত্রিক ত্রুটিও দেখা দিচ্ছে।
রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামসহ বড় শহরগুলোর দৈনন্দিন যাত্রীর চাপ কমাতে আধুনিক কমিউটার ট্রেন হিসেবে ডেমু আমদানি করেছিল রেলওয়ে। রাজনৈতিক বিবেচনায় অধিক দূরত্বের গন্তব্যেও ডেমু চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর আমদানির পর নানা ত্রুটি ধরা পড়ার কারণে ডেমু ওই সময় আলোচিত হয়ে ওঠে। অথচ বিনিয়োগ অনুযায়ী ডেমুর এই আয়ও এখন খুব কম।
রেলের নথি থেকে জানা যায়, পূর্বাঞ্চলে ২০১৩-১৪ অর্থবছরে ৩ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ৯৬৪ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩ কোটি ১১ লাখ ৬৩ হাজার ৭৬৩ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকা আয় হয়েছে। ঢাকা বিভাগের ছয়টি ডেমু ট্রেনের গত জুনের আয় পাওয়া যায়নি। এ ছয়টি ট্রেনের মাসিক গড় আয় ২৪-২৫ লাখ টাকা বলে জানা গেছে। ২০১৩ সালের ২৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত ঠাকুরগাঁও কমিউটার থেকে ৬৮ লাখ ১৪ হাজার টাকা এবং রংপুর কমিউটার থেকে ৫০ লাখ ৯৯ হাজার টাকা আয় হয়েছে। পশ্চিমাঞ্চলে এক সেট ডেমু দিয়ে ঠাকুরগাঁও কমিউটার নামে ঠাকুরগাঁও-পার্বতীপুর এবং রংপুর কমিউটার নামে পার্বতীপুর-রংপুর রেলপথে যাত্রী পরিবহন করা হয়।
রেলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ডেমু রেলের গলার কাঁটা। স্বল্প দূরত্বে, বিশেষ করে শহরতলি থেকে শহরের মধ্যে যাত্রী পরিবহনের জন্য এই ট্রেন আনা হয়। অথচ রাজনৈতিক বিবেচনায় অধিক দূরের গন্তব্যে বেশির ভাগ ডেমু চালানো হচ্ছে। আয়ও হচ্ছে খুব কম। অথচ এই বিনিয়োগ এসি ও নন-এসি কোচে (বগি) করা হলে রেলের আয় ১৫-১৬ গুণ বেশি হতো।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ডেমু কেনা ছিল খামখেয়ালিপনা ও দুর্নীতিগ্রস্ত একটি সিদ্ধান্ত। ডেমুতে বিপুল বিনিয়োগের পর আয়ের চিত্র দেখে আমি হতাশ। জনগণের অর্থ অনুপযোগী খাতে বিনিয়োগ করে লুটপাটের একটি নজির হলো ডেমু।’
রেলের কর্মকর্তারা জানান, একটি এসি বগির দাম সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা। ডেমুর টাকা দিয়ে কমপক্ষে ১৩০ থেকে ১৪০টি এসি বগি কেনা যেত। ঢাকা-চট্টগ্রাম রেলপথে একটি এসি বগি থেকে রেলের দৈনিক আয় ৭৫ থেকে ৮০ হাজার টাকা।
রেলের যান্ত্রিক প্রকৌশল দপ্তর সূত্র জানায়, এক সেট ডেমুতে একটি বগি এবং দুই দিকে দুটি ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনেও যাত্রী পরিবহন করা হয়। সব মিলিয়ে এক সেট ডেমুতে বসে ১৪৯ জন এবং দাঁড়িয়ে ১৫১ জন যাত্রী যাতায়াত করতে পারে।
২০১৩ সালের বিভিন্ন সময়ে চীন থেকে ২০ সেট ডেমু আমদানি শুরু হয়। ওই বছরের ২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রথম ডেমুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই বছর পর্যায়ক্রমে পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রেলপথে আরও ১৩ সেট ডেমু নামানো হয়। বাকি ছয় সেটের মধ্যে পশ্চিমাঞ্চলে এক সেট স্পেয়ার এবং পূর্বাঞ্চলে পাঁচ সেট স্পেয়ার হিসেবে রাখা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে পূর্বাঞ্চলের চার সেট ডেমুর মেরামতকাজ চলছে পাহাড়তলি লোকোশেডে।
রেলওয়ে সূত্র জানায়, স্বল্প দূরত্বের গন্তব্যে চালানোর কথা বলা হলেও আখাউড়া থেকে কুমিল্লা হয়ে ২২৬ কিলোমিটার দূরে ঢাকা, কুমিল্লা থেকে ১৪০ কিলোমিটার দূরে চট্টগ্রাম এবং আখাউড়া থেকে ১৭৭ কিলোমিটার দূরে সিলেট রেলপথে ডেমু চলছে। তবে ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জ পথেও ডেমু যাত্রী পরিবহন করছে।
রেলপথমন্ত্রী মুজিবুল হক ডেমুর আয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, এটি স্বল্প দূরত্বের যাত্রী যাতায়াতের জন্য আনা হয়েছে। ডেমু চালুর কারণে রাজধানীর (ঢাকা) ওপর মানুষের চাপ কমেছে। কারণ বিপুল যাত্রী ডেমুতে চড়ে ঢাকায় এসে আবার কাজ সেরে গন্তব্যে ফিরে যাচ্ছে। শুরুর দিকে ডেমুর কিছু সমস্যা ছিল। ধীরে ধীরে সেই সমস্যা দূর করা হচ্ছে।
তবে কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে ডেমুর নিয়মিত যাত্রী ফেনীর আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, ডেমুতে পর্যাপ্ত বাতাস প্রবেশের সুযোগ নেই। আসনের নিচে ইঞ্জিন থাকায় মেঝে গরম হয়ে যায়। গরমকালে ডেমুতে চড়লে অস্বস্তি লাগে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘ডেমুর ভেন্টিলেশন-সুবিধা (বাতাস প্রবেশের সুবিধা) কম বলে আমরাও শুনেছি। এরপরও ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহন হয়। এতে সড়কপথে অন্তত যাত্রীর চাপ কমেছে।’