বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরতে পারে: এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরতে পারে। এ হামলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনেও (জিডিপি)।
এশীয় উন্নয়ন আউটলুক সাপ্লিমেন্ট (এডিওস) জুলাই ২০১৬-এ এমন আশঙ্কা করা হয়েছে। গতকাল সোমবার তা প্রকাশ করা হয়। তার আগে গত মার্চে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশ করে এশীয় উন্নয়ন আউটলুক বা এডিও ২০১৬।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে গত ২৩ জুন যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) কারণেও ২০১৬ সালে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জিডিপির প্রবৃদ্ধির হার দশমিক ১ শতাংশ কমবে বলে মনে করে এডিবি। আগে প্রাক্কলন করা হয়েছিল ৫ দশমিক ৭ শতাংশ, শেষ পর্যন্ত তা দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশ।
এডিওসে বলা হয়, ব্রেক্সিটের কারণে ইতিমধ্যেই বিশ্ব অর্থবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ডলারের বিপরীতে স্টার্লিংয়ের মূল্যমান মধ্য আশির দশকের তুলনায় অনেক বেশি কমেছে। পুঁজিবাজারেও নেমেছে ধস। অনেক সংস্থাই হিসাব করেছে যে ২০১৬ ও ২০১৭ সালের মধ্যে ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের জিডিপি কমতে পারে দশমিক ১ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত।
এডিওসে এ-ও বলা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্য ব্রেক্সিট কী প্রভাব ফেলবে, তা এখনই বিচার করা যাবে না। এটা নির্ভর করছে ভবিষ্যতে ইইউভুক্ত দেশ ও যুক্তরাজ্যের সঙ্গে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সম্পর্কের ওপর।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য অবশ্য ২০১৬ সালে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হারের প্রাক্বলনই ঠিক রাখে এডিবি। সংস্থাটি ২০১৭ সালের জন্য প্রাক্কলন করা ৭ দশমিক ৩ শতাংশের হারেও কোনো পরিবর্তন আনেনি। এর মধ্যে ভারতের প্রবৃদ্ধির হারের প্রাক্কলন সবচেয়ে বেশি অর্থাৎ ৭ দশমিক ৮ শতাংশ।
গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে এডিবির প্রাক্কলনে ছাড়িয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তান, কিন্তু নেপাল পারেনি। একটি শক্তিশালী পোশাক খাতের কারণে বাংলাদেশে শিল্প খাতের প্রবৃদ্ধি প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। সরকারি কর্মচারীদের নতুন হারে বেতন বৃদ্ধি সেবা খাতকে উজ্জীবিত করেছে। তারপরও, ঢাকায় সন্ত্রাসী হামলার কারণে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরতে পারে, জিডিপির প্রবৃদ্ধির হারেও পড়তে পারে তার নেতিবাচক প্রভাব।
এডিওসে বলা হয়, জ্বালানি সরবরাহ, অবকাঠামো খাতে ভালো বিনিয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি—এসব কারণে পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধি ২০১৬ এবং ২০১৭—দুই বছরেই ভালো গতিশীল হবে। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে এগিয়ে যাওয়াটা একটু কষ্টকর হবে নেপালের জন্য।
এডিবির মার্চের আউটলুকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মূল্যস্ফীতির হার ৫ দশমিক ২ শতাংশ প্রাক্কলন করা হয়েছিল। চলতি মাস জুলাইয়ের এডিওসে তা একই রাখা হয়। আর ২০১৭ সালের বিষয়ে বলা হয়, এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মূল্যস্ফীতি বেড়ে হবে ৫ দশমিক ৭ শতাংশ।
জুলাইয়ের আউটলুক অনুযায়ী, মূল্যস্ফীতির হারের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যতিক্রম বাংলাদেশ ও ভুটান। দুই দেশে আগামী বছরেও মূল্যস্ফীতি কম থাকবে বলে উল্লেখ করা হয়। কারণ হিসেবে বলা হয়, ভালো খাদ্য উৎপাদন, বেসরকারি খাতে ঋণের শ্লথগতি এবং বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কম থাকা।
তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় গড় মূল্যস্ফীতি আগামী বছর বাড়বে বলেই মনে করে এডিবি। ভারতে গত এপ্রিলে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ থাকলেও গত মে মাসে তা বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হয়েছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়াকে একসঙ্গে বিবেচনায় নিলে ২০১৬ সালে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ২ শতাংশ, যা এডিবির প্রাক্কলন ২ দশমিক ৬ শতাংশের চেয়েও কম।
বৃহৎ শিল্প উৎপাদনের দেশ যুক্তরাষ্ট্র, ইইউভুক্ত দেশ এবং জাপানের জিডিপি প্রবৃদ্ধির হার ২০১৬ সালে ১ দশমিক ৮ শতাংশ প্রাক্কলন করা হয়েছিল এডিওতে। সংশোধন করে এডিওসে তা ১ দশমিক ৫ শতাংশ করা হয়। একইভাবে এ দেশগুলোর ২০১৭ সালের জিডিপির প্রাক্বলনও ১ দশমিক ৯ থেকে কমিয়ে ধরা হয় ১ দশমিক ৭ শতাংশ।