বিনিয়োগবান্ধব নয় প্রস্তাবিত বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বিনিয়োগবান্ধব নয় বলে জানিয়েছে ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। সংগঠনটির নেতারা বলছেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বাড়ানোর চেয়ে রাজস্ব আহরণের প্রতি অধিক মনোযোগ দেওয়া হয়েছে। এ কারণে ব্যবসা-বাণিজ্যে করের বোঝা বাড়বে।

ঘোষিত বাজেট নিয়ে গতকাল রোববার বিকেলে এমসিসিআই ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে এ মতামত তুলে ধরা হয়। রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

মেট্রো চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও মেট্রো চেম্বারের পরিচালক আদিব এইচ খান।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা আরও বলেন, এমনিতে দিন দিন ব্যবসার খরচ বাড়ছে। ঘোষিত বাজেটের কারণে সেই খরচ আরও বেড়ে যাবে। করের কারণে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও অনাগ্রহ তৈরি হবে।

মেট্রো চেম্বার সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর তাঁর বক্তব্যে ঘোষিত বাজেটকে ‘রাজস্ববান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা ছিল বাজেটে বিনিয়োগ, রপ্তানিকে উৎসাহিত করার মাধ্যমে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিনিয়োগকারীদের উদ্বেগগুলোকে বাজেটে বিবেচনায় নেওয়া হবে। কিন্তু তা হয়নি। রাজস্ব আহরণই বাজেটের মূল লক্ষ্য। এ কারণে বিদ্যমান করদাতার ওপর করের চাপ বাড়ানো হয়েছে। এর ফলে দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হওয়ার পাশাপাশি ব্যবসার খরচও বেড়ে যাবে। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতাও হারাব আমরা।’

প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এ দেশে ব্যবসার খরচ বিশ্বের অনেকদেশের চেয়ে বেশি, এ কথা সত্য। শুধু সরকারের কারণেই ব্যবসার খরচ বাড়ে না। উৎপাদন প্রক্রিয়ার অদক্ষতার কারণেও ব্যবসার খরচ বাড়ে। ব্যবসায়ীরা নিজেরা চাইলে সেসব অদক্ষতা দূর করতে পারেন।

অনুষ্ঠানে একাধিক বক্তা বাজেট ঘাটতি পূরণে বিদেশ থেকে কম সুদে ঋণ নেওয়ার পরামর্শ দেন ও উচ্চ সুদে সরকারের ঋণ গ্রহণের সমালোচনা করেন। এর জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো টাকার অঙ্কে কম সুদে ঋণ দেয় ঠিকই কিন্তু সেসব ঋণের জন্য যেসব শর্ত দেওয়া হয়, তার কারণে শেষ পর্যন্ত ওই ঋণ অনেক বেশি ব্যয়বহুল হয়ে ওঠে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও সাংসদ আবদুর রাজ্জাক বলেন, সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবারের বাজেটের প্রধান লক্ষ্য। ব্যাংকের উচ্চ সুদের কারণে অনেক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রপ্তানির ক্ষেত্রে উৎসে কর দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ করা হয়েছে। এতে রপ্তানিকারকেরা আপত্তি করছেন। তাই এ হার কমিয়ে ১ শতাংশ করা যেতে পারে। এ ছাড়া নতুন মূসক আইনে মূসকের হারের দুটি স্তর ঠিক করা দরকার। এ হার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ৫ শতাংশ ও অন্যদের জন্য ১০ শতাংশ হতে পারে।

পিআরআইয়ের সাদিক আহমেদ বলেন, রাজস্ব আয়ে ৩৫ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নতুন বাজেটে ধরা হয়েছে, সেটি অর্জন করতে হলে কর আদায় ব্যবস্থাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করতে হবে। রাজস্ব আহরণে করদাতাদের হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়া তিনি জনগণের করের টাকায় ব্যাংকের পুনর্মূলধন জোগান ও উচ্চ সুদে সরকারের ঋণ গ্রহণের সমালোচনা করেন।

মূল প্রবন্ধে আহসান এইচ মনসুর বলেন, দেশে বেসরকারি বিনিয়োগের যে গতি, তা দিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণও কঠিন হবে। মূল প্রবন্ধে তিনি বাজেট কাঠামোর দুর্বলতার দিকও তুলে ধরেন। আহসান এইচ মনসুর বলেন, ‘রাষ্ট্র খাতের প্রতিষ্ঠান ও সামরিক ব্যয়ের যথাযথ তথ্য বাজেটে তুলে ধরা হয় না। ফলে এসব ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত হয় না। আমাদের সামরিক বাজেটের পুরোটাই “ব্ল্যাক বক্স”।’

হিসাববিদ আদিব এইচ খান তাঁর প্রবন্ধে করসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনার খুঁটিনাটি তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বিএসআরএমের চেয়ারম্যান আলীহুসেইন আকবর আলী ইস্পাতশিল্পের এবং সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আসাদুল ইসলাম শেয়ারবাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।