বিনিয়োগের অ আ ক খ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুঁজিবাজারে বিনিয়োগের অ আ ক খ শেখাতে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ হাতে নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কর্মসূচি হাতে নিয়েছে। ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে একটি বিধিমালাও করেছে বিএসইসি। এ অবস্থায় প্রশ্ন জাগতেই পারে, কী আছে বা কী হবে এই কর্মসূচির অধীনে? সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অধীনে দেশের জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পেশাজীবী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, কৃষক-শ্রমিক সবাইকে শেয়ারবাজার সম্পর্কে ধারণা ও বিনিয়োগের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
বিএসইসি জানিয়েছে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে বাস্তব রূপ দিতে কমিশনে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ’ নামে আলাদা একটি বিভাগ থাকবে। সেই বিভাগের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করা হবে ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট বা বিএএসএম’ নামে একটি একাডেমি। বিনিয়োগ শিক্ষার মাধ্যম হবে সেমিনার, কর্মশালা, ক্লাস, প্রশিক্ষণ, মতবিনিময়, ওয়েবসাইট, হটলাইন টেলিফোন, নাটিকা, গেমস, কার্টুন, অডিও ভিজ্যুয়াল, বিজ্ঞাপন, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিলবোর্ড, পোস্টার, বই, পুস্তিকা নোট ও চার্ট ইত্যাদি।
তিন ধাপে এই কার্যক্রম বাস্তবায়নে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে স্বল্প মেয়াদে চলতি বছরের মধ্যে শেয়ারবাজারের বিদ্যমান বিনিয়োগকারী, পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, প্রশিক্ষক, বিচারক, সেনা কর্মকর্তা, পুলিশ, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষকদের ‘শিক্ষা কার্যক্রমের’ আওতাভুক্ত করা হবে। মধ্য মেয়াদে ২০১৮ ও ১৯—এই দুই বছরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলীসহ অন্যান্য পেশাজীবী এবং মধ্যম আয়ের মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। আর শেষ ধাপে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২০-২১ সালে গৃহিণী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।
বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে প্রকাশিত বিএসইসির প্রকাশনায় বলা হয়েছে, বিনিয়োগ শিক্ষার প্রথম ধাপে ১২টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এগুলো হলো আর্থিক খাত, অর্থ ও পুঁজির ধারণা, ব্যক্তিপর্যায়ে আয়-ব্যয়ের হিসাব, দৈনন্দিন বাজেট প্রণয়ন, সঞ্চয়ের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য বিনিয়োগ খাত, নিজস্ব তহবিল ও ঋণের ব্যবহার, সাধারণ এবং চক্রবৃদ্ধি সুদসংক্রান্ত ধারণা, বিভিন্ন ধরনের বিনিয়োগ এবং সংশ্লিষ্ট ঝুঁকি, বিনিয়োগ মাধ্যম এবং সম্ভাব্য লাভ-ক্ষতি, নিজস্ব আর্থিক সংগতি অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এড়িয়ে চলার কৌশল, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতি, দীর্ঘমেয়াদি নিজস্ব আর্থিক পরিকল্পনা প্রণয়নের উপকারিতা ও কৌশল, বিকল্প বিনিয়োগ খাত বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি।
এদিকে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ‘বিনিয়োগ শিক্ষার উন্নয়ন ও প্রশিক্ষণ’ শীর্ষক যে বিধিমালা করা হয়েছে, তাতে শিক্ষা ও প্রশিক্ষণ-প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, বিএসইসির ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ উপ-আনুষ্ঠানিক, দূরশিক্ষণ, আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করবে। আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষা বা প্রশিক্ষণ পাঠ্যসূচিতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া দেশজুড়ে বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ প্রদানের জন্য একদল প্রশিক্ষক তৈরি করা হবে। বিএসইসির অধীনে যে একাডেমিটি গঠন করা হবে, তার মাধ্যমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার কথা বলা হয়েছে বিধিমালায়। আর কাদের প্রশিক্ষক হিসেবে তৈরি করা হবে, তার মানদণ্ড কমিশন নির্ধারণ করবে।
এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শুরুতে অর্থসংস্থান করবে বিএসইসি। এ জন্য বিএসইসির বাজেটে আলাদা একটি খাতে বরাদ্দ রাখা হবে বলেও জানা গেছে। এর বাইরে এই কর্মসূচিকে স্থায়ী রূপ দিতে একটি ‘বিনিয়োগ শিক্ষা তহবিল’ গঠনের কথা বলা হয়েছে বিধিমালায়। স্থানীয় কর্তৃপক্ষ, এক্সচেঞ্জ, ডিপজিটরি, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি, ইস্যুয়ার, অর্থ ও পুঁজিবাজারসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, বৈদেশিক সংস্থার অনুদান বা অন্য কোনো খাত থেকে এই তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হবে।
বিনিয়োগ শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, কর্মসূচিটি বাস্তবায়নে এরই মধ্যে কমিশনে আলাদা বিভাগ খোলা হয়েছে। একাডেমি প্রতিষ্ঠার কাজও অনেক দূর এগিয়ে গেছে।
জানা গেছে, রাজধানীর দিলকুশার জীবন বীমা টাওয়ার থেকে আগামী মাসেই আগারগাঁওয়ে স্থাপিত নিজস্ব ভবনে স্থানান্তর হবে কমিশনের বর্তমান কার্যালয়। তবে ভবনের দুটি ফ্লোরে একাডেমির কার্যক্রমের জন্য ভাড়ায় রেখে দিয়েছে বিএসইসি।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, প্রতি মাসে গড়ে ১২০০ জনকে এ কার্যক্রমের অধীনে প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া একাডেমির অধীনে প্রশিক্ষক তৈরির কাজটিও দ্রুত শুরু করা হবে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচিতে বিনিয়োগ শিক্ষা অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান বলেন, একাডেমির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার পর এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে আলোচনা করতে হবে।
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের প্রসারে বিএসইসি বিশাল যে পরিকল্পনা নিয়েছে সেটির কিছু বিষয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। জানতে চাইলে তিনি বলেন, পুঁজিবাজারকে দেশের সব শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি বা প্রয়োজনীয়তা এখনো বাংলাদেশের বাস্তবতায় তৈরি হয়নি। বরং বর্তমানে যেসব বিনিয়োগকারী বাজারে রয়েছেন এবং যাঁরা বিনিয়োগে আগ্রহী কেবল তাঁদের মধ্যে প্রশিক্ষণ বা শিক্ষা কার্যক্রমটি সীমিত রাখা উচিত।
ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, পাঠ্যপুস্তকে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনাটিও বাস্তবভিত্তিক নয়। কারণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার মতো অন্যান্য অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে।
বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে আলাদা একটি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগেরও বিরোধিতা করেন বিএসইসির সাবেক এ চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নামে একটি প্রতিষ্ঠান রয়ে গেছে। সেখানে এ ধরনের আরেকটি প্রতিষ্ঠান তৈরি করারও যৌক্তিকতা আছে বলে মনে হয় না। বরং প্রশিক্ষণের কাজটি বিআইসিএমের মাধ্যমে করাটাই শ্রেয়।
ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার। যাতে সাধারণ মানুষ না জেনে, না বুঝে আবারও শেয়ারবাজারের প্রতি আকৃষ্ট হয়ে কোনো ক্ষতির মুখে না পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল বলেন, এ ধরনের উদ্যোগ কেবল শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ আছে এমন জনগোষ্ঠীর মধ্যেই সীমিত রাখা উচিত। সব পর্যায়ে গিয়ে সবাইকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না।