বিনিয়োগের জন্য প্রস্তুত এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসিবির সম্মেলনের প্রথম কার্য অধিবেশনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যরা l প্রথম আলো
আইসিসিবির সম্মেলনের প্রথম কার্য অধিবেশনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যরা l প্রথম আলো

আগামী দিনে বিশ্বের অর্থনৈতিক চালিকাশক্তি হবে এশিয়া। এই অঞ্চলেই প্রবৃদ্ধি বেশি হবে। সে কারণে এশিয়াই হলো আগামী দিনের বিনিয়োগের ক্ষেত্র। বিনিয়োগ পাওয়ার জন্য এশিয়াও প্রস্তুত।
তবে এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) অবকাঠামো এখনো বেশ দুর্বল। বিনিয়োগের জন্য অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটাতে হবে। সে কারণে এ খাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলেনে ‘এশিয়ায় বিনিয়োগ উৎসাহিতকরণ’ শীর্ষক কার্য অধিবেশনে বিভিন্ন দেশের বক্তারা এমন মত দিয়েছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বিশ্বব্যাংকের এদেশীয় পরিচালক জোহানেস জাট বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যে অবকাঠামো ঘাটতি রয়েছে, সেটা মোকাবিলা করতে এ অঞ্চলের দেশগুলোর ২০২০ সাল পর্যন্ত আড়াই লাখ কোটি ডলার প্রয়োজন। এ জন্য দেশগুলোর বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, অবকাঠামো খাতে দক্ষিণ এশিয়ায় এবং এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তবিনিয়োগ বাড়াতে হবে। দেশগুলোর মধ্যে আন্তযোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। জ্বালানি খাতের সক্ষমতা আরও বাড়াতে হবে।
জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) পরিচালক রবি রত্নায়েক বলেন, সব ধরনের বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রয়োজন নেই। প্রয়োজন গুণগতমানসম্পন্ন বিনিয়োগ। কারণ, স্বল্পমেয়াদি অনেক বিনিয়োগ মাঝে মাঝে বিস্ফোরক হয়ে উঠতে পারে।
চারটি বিষয়কে এফডিআই আসার ক্ষেত্রে চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন রবি রত্নায়েক। এগুলো হলো রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশীদারত্ব।
বাংলাদেশ ও ভিয়েতনামের বিনিয়োগ-সুবিধার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। তিনি বলেন, বাংলাদেশে যেখানে বন্দরে জট লেগে থাকে, সেখানে ভিয়েতনামে দ্রুত সেবা পাওয়া যায়। এ দেশে গ্যাস পর্যাপ্ত নয় এবং বিদ্যুৎ খুব ব্যয়বহুল, অন্যদিকে ভিয়েতনামে এসব পর্যাপ্ত ও সস্তা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে ছয় সপ্তাহ লাগলেও ভিয়েতনাম থেকে লাগে তিন সপ্তাহ। আবার সরকারের প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের মধ্যে বাংলাদেশে ব্যাপক ঘাটতি লক্ষ করা গেলেও ভিয়েতনামে চিত্র পুরোই ভিন্ন। এসব বিষয় দূর করতে পারলে বাংলাদেশেও প্রচুর এফডিআই আসবে বলে মনে করেন তিনি।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, চীন তার অবকাঠামো খাতে যেখানে ৪৫ শতাংশ বিনিয়োগ করেছে, সেখানে বাংলাদেশের বিনিয়োগ মাত্র ২৫ শতাংশ। এ দেশের অবকাঠামো খাতে তাই বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, একটি দেশের অবকাঠামো খাতে বিনিয়োগের ৭০ শতাংশই করে সরকার। ২০ শতাংশ হয় সরকারি-বেসরকারি খাতের অংশীদারত্বে (পিপিপি)। আর বাকি ১০ শতাংশ হয় দাতা সংস্থার অর্থায়নে। কিন্তু এশিয়ার দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে কীভাবে অবকাঠামো খাতে ৭০ শতাংশ বিনিয়োগ করা সম্ভব? যেখানে কয়েকটি ছাড়া এশিয়ার বেশির ভাগ দেশই রাজস্ব ঘাটতিতে আছে।
নিট পোশাক রপ্তানিকারকদের সমিতির সভাপতি ফজলুল হক বলেন, অবকাঠামো উন্নয়নের জন্য শিগগিরই দেশে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে এ ক্ষেত্রে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। কিন্তু এ জন্য যেভাবে এগোনো উচিত, আমরা তার চেয়ে পিছিয়ে আছি।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রধান ফাহমিদা খাতুন বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার কথা বলা হয়। কিন্তু এটা খুব একটা কাজ করছে না। আফ্রিকার দেশগুলোতে যেখানে আন্তবিনিয়োগের পরিমাণ ২৫ শতাংশ, সেখানে এশিয়ার বড় দুই দেশ ভারত ও চীনের সম্মিলিত বিনিয়োগ বাংলাদেশে ৫ শতাংশের কম। তিনি বলেন, এশিয়ার দেশগুলোকে অবকাঠামো খাতে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। কারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে।
অধিবেশনে সভাপতিত্ব করেন নেপালের চৌধুরী গ্রুপের প্রেসিডেন্ট বিনোদ কে চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ। একটি দেশের সরকার বিনিয়োগকারীদের কী বার্তা দিচ্ছে, বিনিয়োগকারীরা সেটা দেখেই বিনিয়োগে এগিয়ে আসেন।