বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারকে গণতন্ত্র ও আইনের শাসনবিষয়ক সংস্কার-প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সফররত জার্মান পররাষ্ট্রসচিব মার্টিন বিজেল।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে মধ্যহ্ন ভোজসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিজিসিসিআই) ওই ভোজসভার আয়োজন করে।বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনার জন্য বিজেল তিন দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে এসেছে জার্মানির একটি বাণিজ্য প্রতিনিধিদল।বিজিসিসিআইয়ের ভোজসভায় জার্মান পররাষ্ট্রসচিব বলেন, প্রশাসনিক ও আইনি অবকাঠামোতে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা দেওয়ার পাশাপাশি কার্যকরভাবে কাজে লাগাতে সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। তাঁর মতে, বাণিজ্য ও বিনিয়োগের জন্য ব্যবসাবান্ধব ও স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। আর এ পরিবেশ সৃষ্টির জন্য সরকার ও বিরোধী দল দুই পক্ষের সমান দায়িত্ব রয়েছে।বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে জার্মান ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সুনজর দেওয়ার এখনই সময়। কারণ এ দেশ থেকে যা পাওয়ার কথা তার চেয়ে বেশি সম্ভাবনা এখানে লুকিয়ে আছে।সভায় বিজিসিসিআইয়ের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম দেশ জার্মানিতে গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৩০ কোটি ইউরো। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ৮৬ ভাগ আর জার্মানি রপ্তানি করেছে ১৪ ভাগ পণ্য। চলতি বছর ব্যবসার চলমান গতি অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ হবে ২৪০ কোটি ইউরো।সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল।