বিনিয়োগ ও জ্বালানির দামে সমস্যা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত যেভাবে প্রতিভাত হয়েছে, তাতে এটা নিশ্চিত যে এই খাতে বিনিয়োগ ও জ্বালানির উচ্চমূল্য চলতি বছরের মতো আগামী বছরও প্রধান সমস্যা হয়ে থাকবে। ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা: দ্বিতীয় হালচিত্র’-এর পাতায় পাতায় এর স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের গৃহীত কর্মকাণ্ডের সুফল ২০১৩ সালে জনগণ পেতে শুরু করবে। বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী জনগণের সুফল পাওয়ার বিষয়টি নিশ্চিত বলে উল্লেখ করে এই খাতে সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন।এ ক্ষেত্রে অর্থমন্ত্রী বিশেষ যে বিষয়টি উল্লেখ করেছেন, তা হলো বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও কিছুটা বাড়ানো। তিনি বলেন, উচ্চ চাহিদা বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের পরিকল্পনায় ২০১৪ ও ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল যথাক্রমে সাত হাজার ১৫৪ ও ২০ হাজার মেগাওয়াট। এখন তা পরিবর্তন করে করা হয়েছে যথাক্রমে আট হাজার ৬২২ ও ২২ হাজার ৫০০ মেগাওয়াট।বিদ্যুতে বরাদ্দ বেড়েছে!: প্রস্তাবিত জাতীয় বাজেটে বিদ্যুৎ খাতে টাকার অঙ্কে বরাদ্দ বেড়েছে। চলতি বছরের তুলনায় বাজেটের আকার বৃদ্ধি পাওয়ায় এটি হওয়া স্বাভাবিক। কিন্তু শতাংশের হিসাবে বিদ্যুৎ খাতে এ বছরের তুলনায় আগামী বছরের বরাদ্দ বাড়েনি।চলতি বছরের বাজেটে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন বাজেট রয়েছে সাত হাজার ১৮৫ দশমিক ৮ কোটি এবং ভর্তুকি ছয় হাজার কোটি টাকা। মোট সরকারি ব্যয় ১৩ হাজার ১৮৫ দশমিক ৮ কোটি টাকা, যা চলতি বছরের জিডিপির ১ দশমিক ৪৭ শতাংশ। মোট বাজেটের ৮ দশমিক ১৮ এবং মোট উন্নয়ন বাজেটের ৩২ শতাংশ।অপর দিকে আগামী বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে আট হাজার ১৫১ কোটি এবং ভর্তুকি ছয় হাজার ৪০০ কোটি টাকা। অর্থাৎ প্রস্তাবিত মোট সরকারি ব্যয় ১৪ হাজার ৫৫১ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৪২ শতাংশ। মোট বাজেটের ৭ দশমিক ৭২ শতাংশ এবং মোট উন্নয়ন বাজেটের ২৬ দশমিক ৮৫ শতাংশ।বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সবচেয়ে বড় কথা হলো, আগামী বছরের প্রস্তাবিত বরাদ্দ বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম।জ্বালানিতে বরাদ্দ কমেছে: বিদ্যুৎ খাতে টাকার অঙ্কে হলেও বরাদ্দের প্রস্তাব চলতি বাজেটের তুলনায় বেশি। কিন্তু জ্বালানি খাতে তা-ও না। এই খাতে ভর্তুকির পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উন্নয়ন বাজেট ৭৭৬ কোটি এবং ভর্তুকি নয় হাজার কোটি টাকা। অর্থাৎ মোট সরকারি ব্যয় নয় হাজার ৭৭৬ কোটি টাকা।অপর দিকে, প্রস্তাবিত বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উন্নয়ন বাজেট ধরা হয়েছে এক হাজার ৬১৪ কোটি এবং ভর্তুকি ছয় হাজার ২০০ কোটি টাকা। অর্থাৎ মোট সরকারি ব্যয় প্রস্তাব করা হয়েছে সাত হাজার ৮১৪ কোটি, যা চলতি বছরের তুলনায় এক হাজার ৯৬২ কোটি টাকা কম।জ্বালানি বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, তেল-গ্যাসের দাম বাড়ানোর সরকারি পরিকল্পনার কারণে এই খাতে ভর্তুকির পরিমাণ কমানো হয়তো ঠিক আছে। কিন্তু এই খাতে উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সে অনুযায়ী উন্নয়ন বরাদ্দও দেওয়া হয়নি। ফলে জ্বালানি খাতের উন্নয়ন কার্যক্রমে অর্থের সংকট দেখা দেবে।