বিনিয়োগ কম হওয়াই এখন সরকারের দুশ্চিন্তা: অর্থ উপদেষ্টা
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, দেশে এখন সঞ্চয় হচ্ছে অনেক। তবে সে তুলনায় বিনিয়োগ হচ্ছে না। আর এটিই এখন সরকারের প্রধান দুশ্চিন্তার কারণ। আজ বৃহস্পতিবার দুপুরে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) আয়োজিত বাংলাদেশের উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগসংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘সেভিংস বেশি, কিন্তু বিনিয়োগ হচ্ছে না। সরকারের জন্য প্রধান দুশ্চিন্তা এখন এটাই।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘দেশে এখন বৈদেশিক রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলার। এই রিজার্ভ নিয়ে বসে থাকলে অন্যায় করা হবে। আমরা যাঁরা উদ্যোক্তা, তাঁদের বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে হবে।’
আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেমসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রবাসী আয় কমার পেছনে অর্থ পাচার অন্যতম বলে জানান আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এ কারণে রেমিট্যান্স কমছে ধীরে ধীরে। এই অর্থ পাচার বন্ধ করতে হবে।