বিনিয়োগ চাঙা করাই এখন বড় চ্যালেঞ্জ
রাষ্ট্রীয় ও ব্যক্তি—দুই ধরনের বিনিয়োগই কমে গেছে। এ কারণে পিছিয়ে যাচ্ছে দেশের প্রত্যাশিত অর্থনৈতিক অর্জন। প্রথম দুই বছর কিছুটা ভালো করলেও তৃতীয় বছরে এসে সরকার আর তা পারেনি। আর তাই স্থবিরতা কাটিয়ে বিনিয়োগ চাঙা করা আগামী বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার ‘চলতি ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এতে বিনিয়োগ, কর্মসংস্থান, নীতি সংস্কার এবং খাদ্যোৎপাদন ও খাদ্যনিরাপত্তা—এই চার মোটা দাগে অর্থনীতির সার্বিক বিশ্লেষণ তুলে ধরেন। এ ছাড়া মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), ভর্তুকি, মূল্যস্ফীতি, লেনদেনের ভারসাম্য, রপ্তানি, রাজস্ব আয় নিয়েও কথা বলেন তিনি। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন, জ্যেষ্ঠ গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম, সংলাপ বিভাগের প্রধান আনিসাতুল ফাতেমা ইউসুফসহ অন্যান্য গবেষক এ সময় উপস্থিত ছিলেন।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘উদারভাবে বললে দেশের বিনিয়োগ পরিস্থিতি স্থবির হয়ে আছে। আর সমালোচনা করে বললে বলতে হবে তা আসলে কমে গেছে।’ সিপিডির মতে, জাতীয় আয়ে প্রবৃদ্ধির ওপর বিনিয়োগের প্রভাব নির্ধারিত হয় সরকারি ও বেসরকারি বিনিয়োগের মধ্যকার আন্তসম্পর্কের ওপর। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো: সরকারি-বেসরকারি বিনিয়োগে ‘সহযোগী’ না ‘প্রতিযোগী’ সম্পর্ক বজায় রেখেছে? সরকারি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগের ‘আকর্ষক’ না ‘বিকর্ষক’ হিসেবে কাজ করছে? দেবপ্রিয় জানান, সরকারের নতুন মুদ্রানীতিতে ব্যক্তি খাতে ঋণ সংকুচিত করা হয়েছে। এ কারণে ব্যক্তি খাতে বিনিয়োগ কমে গেছে। চলতি অর্থবছরে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬ দশমিক ৯ শতাংশ। দেবপ্রিয় বলেন, ব্যবসার পরিবেশের জন্য অন্যতম তিন বাধা হলো অবকাঠামো, অর্থায়ন ও দুর্নীতি। এরপর রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। ২০১০ সালে দুর্নীতি চার নম্বরে থাকলেও এবার তা দুই নম্বরে উঠে এসেছে। চলতি অর্থবছরের নয় মাসে ৫৫ কোটি ১০ লাখ ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের কথা উল্লেখ করে বিস্ময়ের সঙ্গে তিনি বলেন, ‘একই সময় বিদেশি প্রতিষ্ঠানের আয়, মুনাফা ও স্বত্ব বাবদ দেশ থেকে চলে গেছে ৫৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ পুঁজি সংগ্রহ করে বিনিয়োগ দূরে থাক বাংলাদেশ নিজেই এখন পুঁজি রপ্তানিকারক দেশ!’ বিগত বছরের চেয়ে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগের হার কমে গেছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, এটি একটি আশঙ্কার জায়গা। খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা: সিপিডির মতে, চলতি অর্থবছরে যতটুকু প্রবৃদ্ধি হয়েছে, তা উৎপাদনশীলতার কারণে। আমন ও বোরো ধান ভালো হওয়ায় আমদানি কমেছে উল্লেখ করে দেবপ্রিয়র প্রশ্ন, ‘এত উৎপাদন হয়, তার পরও কেন আমদানি করতে হয়?’ পরিসংখ্যান ঠিক নয়, নাকি ভোগ বেশি হচ্ছে, এমন প্রশ্নও করেন তিনি। দেবপ্রিয় আরও বলেন, কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। আগামী বছরগুলোর জন্য তা ভালো সংবাদ নয়। এবার বোরোর উৎপাদন ১৮ শতাংশ বেড়েছে। সরকার চাল সংগ্রহ করছে ২৮ টাকা কেজি দরে, যা বাস্তবায়িত হলে কৃষককে প্রতি মণে ১৫০ টাকা লোকসান গুণতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ‘গত তিন বছরে নতুন কোনো গুদাম নির্মিত হয়নি। ফলে উৎপাদন বাড়লেও তা সংরক্ষণ করা যাচ্ছে না।’মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকা দরকার, কিন্তু কৃষককে তাঁর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে—সরকার কীভাবে এই সমস্যা নিরসন করতে পারে। প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এ জন্য “কৃষিপণ্য মূল্য কমিশন” গঠনের বিকল্প নেই। বহুদিন থেকেই সে কথা বলে আসছি। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না।’দেবপ্রিয় বলেন, চলতি অর্থবছর সরকার কৃষি ভর্তুকি দিয়েছিল চার হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ১০ হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এর মধ্যে সরকার এ বছর দেবে ছয় হাজার ৫০০ কোটি টাকা। বাকি তিন হাজার ৫০০ কোটি টাকা পরের অর্থবছর সমন্বয় করা হবে। অন্যদিকে আগামী অর্থবছর এ খাতের ভর্তুকি রাখা হয়েছে ছয় হাজার ৫০০ কোটি টাকা। সে হিসাবে আগামী অর্থবছরে প্রকৃত ভর্তুকি হবে তিন হাজার কোটি টাকা। কর্মসংস্থান: সিপিডি বলেছে, বাংলাদেশ কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক এবং বর্তমানে সেবা খাতভিত্তিক অর্থনীতির দিকে এগিয়েছে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যেখানে শ্রমশক্তির প্রবৃদ্ধি কর্মসংস্থান প্রবৃদ্ধির চেয়ে বেশি। দেবপ্রিয় বলেন, তিন বছরে ৬৮ লাখ কর্মসংস্থান হয়েছে বলে সরকার বলছে। আসলে তা হবে ৫৮ লাখ। অন্য দেশের তুলনায় এ সংখ্যাটিও ভালো। তবে বিনিয়োগ কমে যাওয়ায় শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থানের খুব ভালো ব্যবস্থা হয়নি। নীতি সংস্কার: দেবপ্রিয় বলেন, নীতি সংস্কার না হলে আধুনিক কোনো সমাজে উন্নতি হয় না। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেটার বিজনেস ফোরাম (বিবিএফ), রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) গঠিত হলেও পরে সেগুলো আর টেকেনি। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখনো গঠিত হলো না। কয়লাও তোলা হলো না। বর্ধিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।