বিনিয়োগ ছাড়া টেলিটকের গ্রাহক ধরে রাখা কঠিন: তারানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ না হলে এর গ্রাহক ধরে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিটকের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে গ্রাহকসেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ‘টেলিটকের বিনিয়োগ যদি আমরা বৃদ্ধি করতে না পারি, অন্তত নেটওয়ার্কের ক্ষেত্রে টেলিটকের গ্রাহক ধরে রাখা কঠিন হবে। এটা কঠিন সত্য, এটা আমাদের মানতে হবে।’

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে গত বছরের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৬৭৫ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কিন্তু এই প্রকল্পের অর্থ ছাড় আটকে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, ১ শতাংশের কম সুদে টেলিটককে ঋণ দেওয়া হলে তা বাজার প্রতিযোগিতার জন্য বৈষম্যমূলক হবে।

প্রকল্পটির অর্থ ছাড় করাতে চেষ্টা করছেন জানিয়ে তারানা হালিম বলেন, ‘এটি নিয়ে অনেক তদবির করছি, কারণ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী টেলিটকসহ সব দেশি প্রতিষ্ঠানের উন্নয়নে বদ্ধপরিকর। সে জন্যই একনেকে এ প্রকল্পটি অনুমোদিত হয়েছিল।’

সারা দেশে টেলিটকের মোট টাওয়ার আছে ৩ হাজার ৭৫০টি। এত কম টাওয়ার দিয়ে মানসম্পন্ন সেবা দেওয়া সম্ভব নয় জানিয়ে তারানা হালিম বলেন, বাজারে সবচেয়ে বড় অপারেটরের টাওয়ার সংখ্যা ১২ হাজার, সেখানে টেলিটক কীভাবে চলবে তা বোধগম্য নয়। নেটওয়ার্ক কোনো ম্যাজিক নয় যে তুড়ি দিলেই হয়ে যাবে। নেটওয়ার্ক বাড়াতে অর্থের প্রয়োজন, এটা হলো রূঢ় বাস্তবতা।

নতুন তিনটি গ্রাহকসেবা কেন্দ্র নিয়ে বর্তমানে সারা দেশে টেলিটকের গ্রাহকসেবা কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৯৬টি। টেলিটকের বর্তমান গ্রাহকসংখ্যা ৩৭ লাখ ৩৩ হাজার। অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।