বিনিয়োগ পরিবেশ উন্নত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ সংস্কৃতির উন্নতি না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। বিদেশি বিনিয়োগকারীদের কাছে অপেক্ষাকৃত ভালো গন্তব্যে যাওয়ার সুযোগ আছে; তারা সেখানে চলে যাবে। এ ছাড়া রাজনৈতিক পরিবেশ চমৎকার হলেও জমি, অবকাঠামো, জ্বালানি-সংকট দূর করতে হবে। 

আজ বুধবার বিনিয়োগ নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। র‍্যাডিসন হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি একটি কর্ম অধিবেশন হয়। উভয় অধিবেশনের বক্তারা ১০০ অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগকে স্বাগত জানান।
কর্ম অধিবেশনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সাল থেকে যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবু ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের বাজারসুবিধা পাবে। আগামী ১০ বছর এই সুবিধা থাকবে। একদিকে অর্থনীতির তুলনামূলক ভালো অবস্থান; অন্যদিকে স্বল্পোন্নত দেশের বাজারসুবিধা—এ দুটিই বাংলাদেশের বিনিয়োগ করার বড় সুযোগ।
কর্ম অধিবেশনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাংলাদেশের পরিবর্তনগুলো দ্রুত দৃশ্যমান হচ্ছে। উন্নয়ন টেকসই করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই অধিবেশনে পল্লি-কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্ব করেন।
এদিকে সকালের উদ্বোধনী অধিবেশনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছেন। সুদের হারও নিম্ন পর্যায়ে আছে। তবু কেন বিনিয়োগ হচ্ছে না? মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে এখনো ব্যক্তি বিনিয়োগ বেশ কম। তাঁর মতে, ব্যবসা সহজ করার ক্ষেত্রে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করতে হবে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, সম্প্রতি এক সফরের সময় মেক্সিকোর ব্যবসায়ীরা বাংলাদেশ বিনিয়োগ করতে বেশ আগ্রহ দেখিয়েছেন। ৩৫ লাখ মেক্সিকোর বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছেন। এর একটি অংশ বাংলাদেশে আনা যেতে পারে। এমন ধরনের সুযোগগুলো খুঁজে বের করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান মনে করেন, ১০০ অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগই ভবিষ্যৎ সম্ভাবনার বার্তা দিচ্ছে।
একজন মার্কিন গবেষকের উদ্ধৃতি দিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বাংলাদেশে চমৎকার আইন আছে; কিন্তু সমাধান পাওয়া যায় না। আবার বিনিয়োগ সংস্কৃতি উন্নতি না করলে বিদেশি বিনিয়োগ আসবে না। তাঁদের কাছে অপেক্ষাকৃত ভালো সুযোগ থাকলে সেখানে চলে যাবেন।