বিনিয়োগ-প্রস্তাব নিয়ে আজ ঢাকা আসছেন সুব্রত রায় সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছে ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ ‘সাহারা ইন্ডিয়া পরিবার’। প্রতিষ্ঠানটির কর্ণধার ও চেয়ারম্যান সুব্রত রায় সাহারার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিকেলে চার দিনের সফরে ঢাকায় আসবে। ২৬ মে শনিবার সকালে দলটির বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। সফরকালে সুব্রত রায় সাহারার নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি বিনিয়োগ-প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিনিয়োগ বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া একটি সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে দলটির। জানা গেছে, মূলত নগরায়ণ ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আগ্রহ তাদের। ইতিমধ্যে এসব বিনিয়োগ-প্রস্তাব নিয়ে বিনিয়োগ বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিনিধিদল। এবার আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ-প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ভারতীয় এই শিল্প গ্রুপটি। এর আগে গত এপ্রিল মাসে তাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় সফরসূচি পরিবর্তন করা হয়। বিনিয়োগ বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, ২৪ মে বৃহস্পতিবার সাহারা পরিবারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। যোগাযোগ করা হলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘২৩ মে সকালে সাহারা পরিবারের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কী কী বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি তার জন্য একটি সমঝোতা চুক্তি সই হবে। আজ মঙ্গলবার সাহারার প্রতিনিধিদল দেশে আসার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়সূচি চূড়ান্ত হবে।