বিনিয়োগ-বাণিজ্য যোগাযোগ ও সম্পদ ব্যবস্থাপনায় জোর দেবে বিসিআইএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিআইএম ফোরাম আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থা সহজীকরণ, সম্পদ ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানের ওপর জোর দেবে। বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের সমন্বয়ে গঠিত বিসিআইএম ফোরামের ১১তম সভা শেষে গতকাল রোববার দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। দুই দিনব্যাপী আলোচনার পর চার পক্ষের সমঝোতার মাধ্যমে ১২ দফার এই যৌথ বিবৃতি দিয়েছে। এতে চারটি দেশের প্রতিনিধিদলের প্রধানেরা সই করেন।বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ঢাকায় মহাখালীর ব্র্যাক সেন্টারে বিসিআইএম ফোরাম দুই দিনব্যাপী এ সভার আয়োজন করে।যৌথ বিবৃতির ১২ দফা হচ্ছে: ১. অঞ্চলের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা, ২. বিশ্ব প্রেক্ষাপটে এই অঞ্চলের গুরুত্ব ক্রমশ বাড়ানো ৩. আন্ত-আঞ্চলিক ও অন্ত-আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ প্রচেষ্টা বৃদ্ধি, ৪. জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, ৫. সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, ৬. বিসিআইএম বিজনেস কাউন্সিল গঠন, ৭. বিসিআইএম কার্যকর করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, সুশীল সমাজ, বাণিজ্য সংগঠনসহ সব পক্ষকে সম্পৃক্ত করার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ, ৮. বিসিআইএমের গাড়ি শোভাযাত্রাকে মাইলফলক হিসেবে স্বীকৃতি প্রদান, যা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, ৯. পারস্পরিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা নেওয়া, ১০. ফোরামের ১১তম সভা আয়োজনের জন্য সিপিডিকে ধন্যবাদ জ্ঞাপন, ১১. মিয়ানমারে অনুষ্ঠিত হবে ফোরামের ১২তম সভা এবং ১২. তথ্যপ্রাপ্তি সহজলভ্য করতে সংশ্লিষ্ট দেশের প্রতিষ্ঠানসমূহের নাম ও ঠিকানা হালনাগাদ করা।সভার সমাপনী অধিবেশনের আগে যৌথ বিবৃতিতে সই করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) পরিচালনা পর্ষদের সদস্য এরিক গনজালভেজ, চীনের ইউনান প্রদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের মহাপরিচালক ঝাও হং এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান।সমাপনী অধিবেশন: গতকাল বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহী। অনুষ্ঠানে চার দেশের প্রতিনিধিদলের প্রধানেরা বক্তব্য দেন।হাসানুল হক ইনু বলেন, এই ফোরামে যেসব স্বপ্ন নিয়ে আলোচনা হয়েছে তা বাস্তবসম্মত। তবে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ রয়েছে। এটা দূর করতে হবে। তিনি ফোরামভুক্ত দেশের সরকারপ্রধানদের একটি সম্মেলন আয়োজনের সুপারিশ করেন। মঞ্জুর এলাহী বলেন, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে সব ধরনের আঞ্চলিক যোগাযোগ বাড়াতে হবে। তিনি অশুল্ক বাধা দূর ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে জোর দেন। তাঁর মতে, ‘দিনশেষে অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা।’ মোস্তাফিজুর রহমানের মতে, বঙ্গোপসাগরের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আর এটি হলো এই অঞ্চলের প্রবেশদ্বার (গেটওয়ে)। এই অঞ্চলের জন্য বাংলাদেশের সমুদ্রবন্দর কিংবা ভূখণ্ডকে করিডর হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে।মায়ো মিন্ট থান বলেন, ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এই অঞ্চলে বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র সুপ্রসারিত হলো।এবারের সভার মূল আকর্ষণ ছিল ভারতের কলকাতা থেকে চীনের কুনমিং পর্যন্ত গাড়ি শোভাযাত্রা। ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে শুরু হওয়া গাড়ি শোভাযাত্রাটি গতকাল বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করেছে।