বিনিয়োগ বাড়াতে আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিনিয়োগ বাড়াতে পাঁচটি আইন সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। আইন পাঁচটি হলো শুল্ক, কোম্পানি, কন্ট্রাক্ট, আরবিট্রেশন ও ইনসলভেন্সি আইন।

সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আইনগত জটিলতায় বিনিয়োগ বিলম্বিত হচ্ছে। দেশে বিনিয়োগ বাড়াতে নতুন কোনো আইনের দরকার নেই। বরং পুরোনো কিছু আইনের সংশোধন প্রয়োজন। বিনিয়োগে জটিলতা সৃষ্টি করে এমন বেশ কিছু আইনের কথা তুলে ধরেছেন বিডার চেয়ারম্যান। তাঁরা এসব আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছেন। আমরা তাঁদের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

আনিসুল হক বলেন, ‘কিছু কিছু আইন আছে যেগুলো বিনিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ সালে হয়েছিল। এখন নতুন করে কাস্টমস অ্যাক্ট হবে। সেই অ্যাক্টে কী কী থাকলে বিনিয়োগবান্ধব হবে সেটাই বিডার নির্বাহী চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। কোম্পানি অ্যাক্টের কিছু কিছু ধারা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের কথা বলেছেন। সেগুলো আমরা দেখব। কন্ট্রাক্ট অ্যাক্টটা অত্যন্ত সুন্দর, কিন্তু যুগোপযোগী করার জন্য এটাকে একটু ধোয়া-মোছা করতে হবে।’

আনিসুল হক বলেন, ‘বিডার প্রতিনিধিদল আরবিট্রেশন অ্যাক্ট সংশোধনের প্রস্তাবও দিয়েছেন। প্রথমে আরবিট্রেশন অ্যাক্ট করার জন্য একটা সময় বেঁধে দিতে হবে। আরবিট্রেশন করার যে ব্যয় তা নামিয়ে আনার জন্য আরবিট্রেটরদের ফি আইনে বেঁধে দিতে হবে। বিডা ইনসলভেন্সি অ্যাক্টের কথাও বলেছে। অর্থঋণ আদালতের মামলা নিয়েও আলোচনা হয়েছে। ভূমি নিবন্ধনের ব্যাপারেও ওনারা বলেছেন। সেখানে আমরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আইনমন্ত্রী বলেন, ‘আরবিট্রেশন অ্যাক্ট, কাস্টম ও কোম্পানিজ অ্যাক্টের ব্যাপারে তাদের মতামত এই সপ্তাহের মধ্যে আমাদের হাতে দেওয়ার জন্য বলা হয়েছে। আইনের কিছু পরিবর্তন এখনই হবে। আর কিছু পরিবর্তন আস্তে আস্তে করা হবে।’

বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে দেশি-বিদেশি অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন। ইনভেস্টমেন্ট আসার জন্য বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট দরকার, এর বেশ কিছু বিষয় আছে আইনসংক্রান্ত। ওই বিষয়গুলো নিয়েই আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।’