বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও কার্যকর করতে নিজ নিজ ডিলার হিসাবে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিলাররা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিলার সম্মেলনে এই আগ্রহের কথা জানান তাঁরা। একই সঙ্গে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এই সম্মেলনে।ডিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিলার হিসাবের মাধ্যমে কীভাবে পুঁজিবাজারকে আরও গতিশীল ও কার্যকর করা যায় এবং ভবিষ্যতে আরও কী করণীয় আছে, সে বিষয়ে সব ডিলারের মতামত নেওয়া হয় ডিলার সম্মেলনে। এ সময় ডিলাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ হিসাবে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানান। বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন বজায় রাখার ব্যাপারে আলোচনা হয় ডিলার সম্মেলনে। এ ছাড়া বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের জন্য ডিলার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও গতিশীল করার বিষয়েও সম্মেলনে আলোচনা হয়।ডিএসইর সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে এই ডিলার সম্মেলন হয়। এ সময় অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহানসহ সব পরিচালক ও ডিলার উপস্থিত ছিলেন।