মতবিনিময়ে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে
বিনিয়োগ বাড়াতে দরকার নীতিমালার ধারাবাহিকতা

বাংলাদেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু করতে গ্রামীণফোন বড় ধরনের বিনিয়োগ করতে চায়। তবে এ বিনিয়োগ নিশ্চিত করতে টেলিযোগাযোগ নীতিমালায় ধারাবাহিকতার নিশ্চয়তা চায় অপারেটরটি। গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে বাংলাদেশ নিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন।
প্রথম আলোকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ফোরজি ছাড়াও ডিজিটাল সেবা, স্মার্টফোনের ব্যবহার, মোবাইলভিত্তিক আর্থিক সেবা, তরঙ্গের মূল্যসহ টেলিযোগাযোগ খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন টেলিনরের গ্রুপ সিইও। প্রযুক্তিগত পরিবর্তনের কারণে গ্রামীণফোনের লোকবল ছাঁটাইয়ের বিষয়েও কথা বলেন সিগভে ব্রেক্কে। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি এ সময় উপস্থিত ছিলেন।
ফোরজি নিয়ে সিগভে ব্রেক্কে বলেন, স্মার্টফোনভিত্তিক ডিজিটাল সেবাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। এ জন্য ফোরজিতে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালো ব্যবসা করার সুযোগ আছে। এই খাতে বড় অঙ্কের বিনিয়োগের ইচ্ছা ও পরিকল্পনা—দুটোই টেলিনরের আছে। তবে এ বিষয়ে পরিষ্কার নীতিমালা এবং তা বাস্তবায়নে ধারাবাহিকতা থাকতে হবে।
নীতিমালার ধারাবাহিকতা থাকার গুরুত্ব তুলে ধরে টেলিনর গ্রুপের সিইও বলেন, ‘কোন ভিত্তিতে আমরা বিনিয়োগ করব, সে বিষয়টি অবশ্যই পরিষ্কার থাকা দরকার। টেলিযোগাযোগ আইনেও এ ক্ষেত্রে একটা ধারাবাহিকতা দরকার। এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে অনেক বছর ধরেই আলোচনা চলছে।’
সরকার প্রস্তাবিত নিলামে তরঙ্গের দামকে অনেক বেশি বলে মনে করেন সিগভে ব্রেক্কে। এ প্রসঙ্গে তিনি বলেন, তরঙ্গ বিক্রি করে আয় করাই যদি সরকারের মূল লক্ষ্য হয়, তাহলে অতিরিক্ত খরচের ভার কিছুটা হলেও গ্রাহকের ওপর চাপবে। যথেষ্ট তরঙ্গ অপারেটরদের হাতে না থাকলে চাইলেও সর্বোচ্চ মানের সেবা গ্রাহককে দেওয়া সম্ভব নয়। নরওয়ে বা থাইল্যান্ডে টেলিনরের যে মানের নেটওয়ার্ক আছে, বাংলাদেশেও নেটওয়ার্কের মান একই। এই অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হলে তরঙ্গের দাম যৌক্তিক করতে হবে।
বাংলাদেশে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক কতটুকু সফল হয়েছে এমন প্রশ্নের জবাবে সিগভে ব্রেক্কে বলেন, ইন্টারনেট ডেটা ব্যবহারে থ্রিজি খুব কার্যকর প্রযুক্তি নয়। ভয়েস কল ও ইন্টারনেট ডেটার পরিপূর্ণ সুবিধা পেতে ফোরজির বিকল্প নেই। ফোরজি প্রযুক্তিতে ভিডিও কল করে চিকিৎসকের সেবা, টেলিভিশন দেখার মতো কাজ করা সম্ভব।
১৯৯৮ সাল থেকে টেলিনর গ্রুপে কর্মরত সিগভে ব্রেক্কে গ্রুপ সিইও হওয়ার আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বাজার সম্পর্কে অভিজ্ঞ ব্রেক্কে বলেন, বাংলাদেশে স্মার্টফোনের ব্যবহার এখনো তুলনামূলকভাবে কম। বাংলাদেশের অনেক পরে শুরু করে মিয়ানমারে স্মার্টফোনের ব্যবহার ৬০ শতাংশে পৌঁছে গেছে, বাংলাদেশে তা এখনো ৪০ শতাংশের কম।
মোবাইলভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) অপারেটরদের সুযোগ না দেওয়া পর্যন্ত আর্থিক অন্তর্ভুক্তির প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করেন সিগভে ব্রেক্কে। তিনি বলেন, এমএফএসে ব্যাংকের ব্যবসা নিয়ে নেওয়া তাদের উদ্দেশ্য নয়। কিন্তু এ ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটরদের সহযোগী হিসেবে কাজ করার সুযোগ আছে। এতে আরও বেশি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবে।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি সিগভে ব্রেক্কে। তিনি বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করেন। ২০১৩ সালে গ্রামীণফোনের মালিকানাধীন জিপি আইটির ৫১ শতাংশ শেয়ার কিনে বাংলাদেশে ব্যবসা শুরু করে অ্যাকসেঞ্চার। প্রতিষ্ঠানটির বাকি ৪৯ শতাংশ শেয়ারের মালিক টেলিনর।
চলতি বছর এখানেই ডট কম ও কী দরকার নামের দুটি ই-কমার্সভিত্তিক ব্যবসা বন্ধ করে দিয়েছে গ্রামীণফোন। এ বিষয়ে সিগভে ব্রেক্কে বলেন, যথেষ্ট গ্রাহক সাড়া না মেলায় এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবসায়িক পরীক্ষা-নিরীক্ষায় কিছু উদ্যোগ ব্যর্থ হতেই পারে, এটা এমন বড় কোনো বিষয় নয়। আবার গ্রামীণফোনের তৈরি ওয়াওবক্স ও টনিক নামের দুটি ডিজিটাল সেবা খুবই ভালো করেছে। বাংলাদেশে এই দুটো সেবার সাফল্যে অনুপ্রাণিত হয়ে মিয়ানমার ও পাকিস্তানেও এগুলো চালু করা হয়েছে।
গ্রামীণফোনের কর্মী ছাঁটাই সম্পর্কে জানতে চাইলে সিগভে ব্রেক্কে বলেন, প্রযুক্তির পরিবর্তন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার কারণে অনেক ক্ষেত্রে এখন আগের মতো কর্মীর দরকার পড়ে না, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। উদাহরণ দিয়ে তিনি বলেন, আগে গ্রাহকের অভিযোগ জানতে কল সেন্টারে হাজারো কর্মীর প্রয়োজন ছিল। কিন্তু অ্যাপ্লিকেশনভিত্তিক গ্রাহক অভিযোগ ব্যবস্থা চালু করার পর খুব অল্প লোকবল দিয়ে এখন কল সেন্টার চালানো হচ্ছে।
২০১৩ সালে গ্রামীণফোনে স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় ৫ হাজার। চার বছর পরে এখন প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ২ হাজারে নেমে এসেছে।