এ সপ্তাহের সাক্ষাৎকার: নতুন বছরে বাংলাদেশের অর্থনীতির সম্ভাব্য গতি-প্রকৃতি ও চ্যালেঞ্জ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. জায়েদ বখত
বিনিয়োগ বাড়ানোই গুরুত্বপূর্ণ
প্রথম আলো: ২০১৩ সালে বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ কী কী বলে মনে করছেন?জায়েদ বখত: বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার চলতি অর্থবছর ৭ দশমিক ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে অর্থবছরের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর অর্থনীতির বিভিন্ন সূচক থেকে এটা মনে হচ্ছে যে, এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না; বরং প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে বেশ নিচে থাকতে পারে। এর মূল কারণ হলো, বিনিয়োগ সেভাবে বাড়েনি, জোরালো হয়নি। বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধি কোনোভাবেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। সুতরাং, নতুন বছরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগ বাড়ানো।প্রথম আলো: বিনিয়োগের পথে মূল বাধাগুলো কী কী? অল্প সময়ের মধ্যে কীভাবে এসব বাধা অপসারণ করা সম্ভব হবে?জায়েদ বখত: বিনিয়োগের জন্য বড় ধরনের বাধা হলো অবকাঠামো ও জ্বালানিসংকট। জ্বালানির ক্ষেত্রে পর্যাপ্ত গ্যাসের অভাবে শিল্পকারখানাগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে ও হচ্ছে। মাঝখানে বিদ্যুৎ পরিস্থিতিও খুব ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন অবশ্য তা নেই। বিদ্যুৎ উৎপাদন অনেকখানি বেড়েছে। তবে যতটুকু বেড়েছে, তা ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে বেশি দিন তাল রাখতে পারবে না। ফলে বিদ্যুৎও আবার অপর্যাপ্ত ও ব্যয়বহুল হয়ে পড়বে। প্রাথমিক জ্বালানি হিসেবে কয়লা ও গ্যাসের ক্ষেত্রে অগ্রগতি কম। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতাও ঘনীভূত হচ্ছে। এটা স্বাভাবিকভাবেই নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা না এলে বিদ্যমান বিনিয়োগই ঝুঁকির মধ্যে পড়বে। সেখানে নতুন ও বিদেশি বিনিয়োগ সেভাবে প্রত্যাশা করা যায় না। প্রথম আলো: বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সরকারি তথা রাষ্ট্রীয় বিনিয়োগেরও তো একটা বড় ভূমিকা আছে।জায়েদ বখত: হ্যাঁ, তা আছে। রাষ্ট্রীয় বিনিয়োগ বহুলাংশে ব্যক্তি বিনিয়োগকে তাড়িত করে, ব্যক্তি বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখে। রাষ্ট্রীয় বড় বিনিয়োগ হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এবার এডিপির ২৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এটি কম হলেও গত কয়েক বছরের তুলনায় ভালো। এডিপি বাস্তবায়নের মাধ্যমে সরকার রাস্তাঘাট তথা ভৌত অবকাঠামো বিনির্মাণে বিনিয়োগ করে। এভাবে অবকাঠামো নির্মাণ করা হলে তা আবার ব্যক্তি বিনিয়োগকারীদের উৎসাহিত করে বিভিন্ন শিল্পকারখানায় বিনিয়োগের জন্য। তবে এডিপি বাস্তবায়নে এখনো গতানুগতিক প্রথা থেকে বের হওয়া সম্ভব হয়নি। মানে, বছরের প্রথম ভাগে অল্প ব্যয় করে শেষ দিকে বেশি ব্যয় করার প্রবণতা। এতে গুণগত মান রক্ষা করা কঠিন হয়।প্রথম আলো: মূল্যস্ফীতির চাপ তো এখন কমে এসেছে। ভবিষ্যতেও এ প্রবণতা কি বহাল থাকবে?জায়েদ বখত: খাদ্যের মূল্যস্ফীতির হার সহনীয় আছে। একদিকে সরকারের খাদ্য মজুত পরিস্থিতি ভালো, অন্যদিকে কিছুদিনের মধ্যে বোরোর ফলন আসবে। ফলে আগামী কয়েক মাস খাদ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা যায়। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী। এটা একটু চিন্তার বিষয়। কেননা, সরকার বিদ্যুতের দাম আরেক দফা বাড়াতে চাইছে। এ জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ আছে। সম্প্রসারিত ঋণ কর্মসূচির অন্যতম শর্তানুসারে বিদ্যুতের দাম না বাড়ালে হয়তো পরবর্তী কিস্তির অর্থ পাওয়া কঠিন হবে। এখন বিদ্যুতের দাম বাড়বে, এটা একধরনের মূল্যস্ফীতিজনিত প্রত্যাশা তৈরি করেছে। আর দাম বাড়লে উৎপাদন খরচও স্বাভাবিকভাবে বেড়ে যাবে। বাড়বে পরিবহন ব্যয়। গত বৃহস্পতিবারই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাই খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির চাপ সামনের দিনগুলোতেও থেকে যাবে।প্রথম আলো: বাংলাদেশ ব্যাংক এ মাসেই ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এটা কেমন হতে পারে?জায়েদ বখত: মুদ্রানীতি ঘোষণার সময় মূল্যস্ফীতির পরিস্থিতি স্বাভাবিকভাবেই বিবেচনায় থাকবে। আবার এখন ব্যাংকগুলোতে তারল্য পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারের ব্যয় বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এসব কিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংক হয়তো মুদ্রানীতি তেমন একটা শিথিল করবে না।প্রথম আলো: গত বছরটা তো আর্থিক খাতের জন্য বিরাট বিপর্যয় সৃষ্টিকারী ছিল। এবার তা থেকে কতটা বেরিয়ে আসা যাবে?জায়েদ বখত: বিপর্যয় থেকে সরকার কিছুটা সতর্ক হয়েছে বলে মনে হয়। কেননা, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে নতুন পরিচালক নিয়োগ করা হলো, তাতে রাজনৈতিক নিয়োগ অনেকটাই কম হয়েছে। আর তাই নির্বাচনের আগে এই ব্যাংকগুলো থেকে বড় অঙ্কের অর্থ অনিয়মের মাধ্যমে তুলে নেওয়া হবে বলে যে আশঙ্কা অনেকে করেছেন, তা হবে বলে মনে হয় না।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]