বিনিয়োগ বাড়িয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের তাগিদ
বিনিয়োগ বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়াতে হবে। দুর্বল অবকাঠামোর জন্য কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না। অবকাঠামো খাতে বিনিয়োগের পাশাপাশি শিল্প খাতে বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে হবে।
গতকাল বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের প্রতিষ্ঠাতা ইফতেখারুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত সক্ষম, এত রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছেন।
রানা প্লাজা ও তৈরি পোশাক খাত সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করছেন বিদেশিরা। উন্নত দেশে এ ধরনের বিপর্যয় হলে কি চিত্র প্রদর্শনী হয়? যুক্তরাষ্ট্রে সার কারখানায় দুর্ঘটনায় শতাধিক লোক মারা গেছেন। কিন্তু সেই ঘটনার কোনো চিত্র প্রদর্শিত হয়নি। বাংলাদেশের উন্নয়নশীল দেশ বলেই এসব করা হচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক বিষয় মোকাবিলা করতে হচ্ছে। এখন কারখানা পরিদর্শনের জন্য ইউরোপের পরিদর্শকেরা আসেন। অথচ আমাদেরও অনেক প্রকৌশলী রয়েছে।’ তিনি মনে করেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও অর্থনৈতিক নীতি নিয়ে এ দেশে ক্ষমতাসীন ও অন্য দলের মধ্যে খুব একটা মতপার্থক্য নেই।
ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, জ্বালানি, যাতায়াতসহ অবকাঠামো খাতে বিনিয়োগ করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিকল্প নেই। বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগের নিশ্চয়তা চান। সহজে পণ্য পরিবহনের সুযোগ থাকতে হবে।
প্রবৃদ্ধি বাড়াতে সমন্বিত বাণিজ্যনীতির ওপর গুরত্বারোপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রায়হান। তাঁর মতে, এ ধরনের বাণিজ্যনীতি প্রণয়ন সবার অংশগ্রহণমূলক ও উন্মুক্ত পন্থায় হতে হবে। এ ছাড়া রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের সুপারিশ করেন তিনি।
সেলিম রায়হান মনে করেন, সস্তা শ্রমের কারণে বাংলাদেশ এমনিতেই এগিয়ে রয়েছে। এখন অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে হবে, যেন আরও বেশি প্রতিযোগীসক্ষম করা যায়।
মূল প্রবন্ধ: ‘উচ্চ প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক এই সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশের রপ্তানি নীতির সংস্কার করতে হবে, যা বাংলাদেশের পাঁচসালা পরিকল্পনাসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। বাংলাদেশের তৈরি পোশাকের নতুন বাজার হতে পারে ব্রিকসভুক্ত দেশসমূহ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের বাজারের আকার ২৩ ট্রিলিয়ন ডলার। এই বাজার ধরতে পারলে ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও কর্মসংস্থান হবে।
আরেক প্রবন্ধে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বিনিয়োগের অভাবে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সক্ষমতা অর্জন করতে পারছে না বাংলাদেশ। বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে। তবে সরকারি বিনিয়োগের মান নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও সামগ্রিক বিনিয়োগ বাড়ছে। যদি আগামী অর্থবছরে রাজনৈতিক অনিশ্চয়তা কম থাকে, তবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে পারে।
সেমিনারে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের পরিচালক খুরশিদ আলম।