দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নের প্রতিশ্রুতির মধ্য দিয়ে গতকাল শনিবার ঢাকায় শেষ হয়েছে তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা। ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এই মেলার আয়োজন করে। মেলায় ভারতের ২২টি প্রতিষ্ঠানসহ ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।মেলার সমাপনী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব বি শ্যাম, টাটার বিশেষ উপদেষ্টা শ্যামল গুপ্ত প্রমুখ বক্তব্য দেন। আবদুল মাতলুব আহমাদ বলেন, মেলার মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের পরিমাণও বাড়বে। মাতলুব জানান, ভারতীয় বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশে পণ্য বিক্রির চেয়ে বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করতে বেশি আগ্রহী। তাঁরা বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎস্বল্পতাকে সম্ভাবনা হিসেবে দেখছেন। তাঁরা এখানে গ্যাস উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে চান। আইবিসিসিআইয়ের সভাপতি আরও জানান, প্রথমবারের মতো ভারতীয় উদ্যোক্তারা বিনিয়োগকারীদের জন্য সুনামগঞ্জের ছাতকে ১০০ একর জমির একটি বেসরকারি খাতে বিশেষ অর্থনৈতিক এলাকা (এসইজেড) গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রথম সচিব বি শ্যাম বলেন, ভারত প্রতিদিন এক হাজার ৮০০ জন বাংলাদেশি নাগরিককে ভিসা দিয়েছে। ব্যবসায়ীদের আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে ভবিষ্যতে মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। টাটার বিশেষ উপদেষ্টা শ্যামল গুপ্ত বলেন, ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন ধরনের শিল্পে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। ভারতের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বিপুল চাহিদা থাকায় ব্যবসায়ীরা আরও অধিক পরিমাণে আমদানি করতে আগ্রহী।এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক: মেলা উপলক্ষে সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে গতকাল এক বৈঠক করে।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। তিনি অবকাঠামো খাত, প্রকৌশল ও কারিগরি শিল্প খাত, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পে ভারতীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান। বিজিএমইএর সঙ্গে বৈঠক: সফররত সিআইআইয়ের প্রতিনিধিদলটি বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গেও গতকাল এক বৈঠক করে।বৈঠকে বিজিএমইএর সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি ফারুক হাসান, মো. সিদ্দিকুর রহমান, এস এম মান্নানসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।বৈঠকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাকের গুণগতমানের প্রশংসা করেন। তাঁরা বলেন, ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে। তাঁরা ভারতে স্থায়ী প্রদর্শনকেন্দ্র ও যৌথভাবে পোশাক কারখানা স্থাপনের আহ্বান জানান।