দেশি-বিদেশি বিনিয়োগ কর্মকাণ্ড উৎসাহিত করতে বিনিয়োগ বোর্ড গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন নিবন্ধন কার্যক্রম চালু করেছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।রাজধানীর দিলকুশায় বিনিয়োগ বোর্ড কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। খবর ইউএনবির।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদপ্তরের নিবন্ধক আহমেদুর রহিম, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি এম আনিস উদ দৌলা, বাংলাদেশ উইমেন এন্ট্রাপ্রিনিউরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিমা আহমদ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের ইয়ান ক্রসবি।অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের পরিচালক অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। এতে জানানো হয়, আগ্রহী বিনিয়োগকারীরা বিনিয়োগ বোর্ডের ওয়েবসাইটে (www.boi.gov.bd) প্রবেশ করে ধাপে ধাপে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।অনুষ্ঠানে দিলীপ বড়ুয়া বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে সম্ভাবনাময় দেশ। আর তাই এখানে বিনিয়োগের প্রক্রিয়াগুলোকে আরও সহজ করতে হবে। এই ধারাবাহিকতাতেই অনলাইন নিবন্ধনব্যবস্থা চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।দিলীপ বড়ুয়া বলেন, ‘শিল্পায়ন একটি দীর্ঘ ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। শিল্পখাত থেকে যদি দু-তিন বছরের মধ্যে আমরা বেশি কিছু আশা করি, তাহলে তা বাস্তবসম্মত হবে না। বরং দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগের জন্যই বিনিয়োগের বিভিন্ন অন্তরায় দূর করতে হবে।’মন্ত্রী আরও বলেন, শিল্পখাতে বিনিয়োগ বাড়াতে হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। এ জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, স্বয়ংক্রিয়করণ ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, বর্তমানে বিনিয়োগ নিবন্ধনের প্রক্রিয়া সহজ করা হয়েছে।নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের ক্ষেত্রে যেসব জটিলতা ছিল তার ৪০ শতাংশই কমে গেছে। বিশেষত অপ্রয়োজনীয় কাগজপত্র পরিহার করায় নিবন্ধনের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, যেসব কোম্পানি অনলাইনের মাধ্যমে নতুন বিনিয়োগের রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্য আবেদন করতে চাইবে, তারা মাত্র ১৫ মিনিটে কাজটি সম্পন্ন করতে পারবে। অধিকাংশ নিবন্ধন আবেদনই তিন দিনের মধ্যে অনুমোদন পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।অনলাইন বিনিয়োগ নিবন্ধন সেবা হচ্ছে একটি কারিগরি সহায়তা চুক্তির অংশ। চুক্তিটি হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ডিএফআইডি ও ইউরোপীয় কমিশনের (ইসি) সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ) এবং বিনিয়োগ বোর্ডের মধ্যে।পরে শিল্পমন্ত্রী কম্পিউটারের বাটন চেপে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি কোম্পানি এবং নিটল কার্টিজ পেপারস মিলের নিবন্ধনসহ অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।