বিনিয়োগ বোর্ডের একত্রিত সেবার দেখা মেলে না
সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ বোর্ডের একত্রিত সেবা বা ওয়ান স্টপ সার্ভিস নামে থাকলেও বাস্তবে এটা খুঁজে পাওয়া কঠিন। টানা কয়েক দিন ধরে সরেজমিনে জানতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সদস্য ও পরিচালক, জনসংযোগ কর্মকর্তা থেকে শুরু করে হেল্প ডেস্কে যোগাযোগ করেও এই সেবাটি সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কবে থেকে এই সেবা কার্যক্রম শুরু ও কী কী ধরনের সেবা আগ্রহী বিনিয়োগকারীদের দেওয়া হয়? এ রকম প্রশ্ন নিয়ে উপস্থিত হলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে তথ্য অধিকার আইনে লিখিতভাবে আবেদনের পরামর্শ দেওয়া হয়। অবশ্য একত্রিত সেবার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিনিয়োগ বোর্ডের সদস্য খায়রুল আনামের সঙ্গে প্রথমে তাঁর কার্যালয়ে যোগাযোগ করা হয়। তিনি এই প্রতিবেদককে জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন। বোর্ডে এই সেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন। তাঁর কাছে এই সেবা চালুর সময়কাল ও কী ধরনের সেবা প্রদান করা হয়, সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব তথ্য বিনিয়োগ বোর্ডের ওয়েবসাইটে আছে। এর বেশি আমার কাছে কোনো তথ্য নেই।’ তিনি ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানার পরামর্শ দেন।পরে এ বিষয়ে বিনিয়োগ বোর্ডের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে এ বিষয়ে আবেদন জমা দিতে বলেন। সবশেষে এ বিষয়ে জানতে বিনিয়োগ বোর্ডের সহায়তা ডেস্কে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। শেষ পর্যন্ত অবশ্য একত্রিত সেবা সম্পর্কে জানা যায়। সেবাটি চালাতে বাংলাদেশ ব্যাংকের দুজন কর্মকর্তা, তিতাস গ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির একজন করে কর্মকর্তা রয়েছেন। তবে গত দুদিন ধরে বিনিয়োগ বোর্ডে ঘুরে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর কাউকেই নিয়মিত বিনিয়োগ বোর্ডে পাওয়া যায়নি। অবশ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেরাও এই সেবা সম্পর্কে কিছুটা হতাশার কথা ব্যক্ত করেন। নতুন কোনো বিনিয়োগ নিবন্ধন হওয়ার পর কেউ যদি একত্রিত সেবার সুবিধা নিতে চান তা হলে তাঁদের এই বিভাগ থেকে সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিদেশি বিনিয়োগ ছাড়ের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদনের জন্য সুপারিশ করে থাকেন। আর বিদ্যুৎ ও গ্যাস বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিবন্ধিত শিল্পে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি সুপারিশ পত্র দেন। বাস্তবে এই সুপারিশ পর্যন্তই সীমাবদ্ধ একত্রিত সেবা কার্যক্রম। নাম প্রকাশে অনিচ্ছুক এই কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর যে কার্যক্রম তাতে ওই সুপারিশ কতটা কার্যকর হয় সেটি বলা মুশকিল।’ আবার এসব সুপারিশ শেষ পর্যন্ত কতটা কাজে আসে বা সুপারিশ বাস্তবায়নে কতটা সময় ব্যয় হয়, সে বিষয়েও তেমন কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। এভাবেই একত্রিত সেবা নিয়ে জানতে গিয়ে গত কয়েক দিন ধরে এ বিষয়ে বিনিয়োগ বোর্ডের মধ্যেই বড় ধরনের সমন্বয়হীনতার চিত্র পাওয়া যায়।বিনিয়োগ বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও একত্রিত সেবা কার্যক্রমে সম্পৃক্ত সরকারি অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের মধ্যে এই সমন্বয়হীনতা বিরাজ করছে। এ কারণে পুরো সেবা কার্যক্রমটি মূলত নামসর্বস্ব কার্যক্রমে পরিণত হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ও বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে বিনিয়োগ বোর্ডে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়। এরপর বিভিন্ন সময়ে এই সেবা কার্যক্রমকে জোরদার করার কথা বলা হলেও বাস্তবে তা আর গতি পায়নি।