বাংলাদেশে বিনিয়োগের বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার বিনিয়োগ বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের সাহারা গোষ্ঠীর প্রতিনিধিরা।বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাহারা গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার সুব্রত রায় সাহারা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সেখানে বৈঠক শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।বৈঠকে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বিদ্যমান কর হার বিশ্বের যেকোনো দেশের চেয়ে কম। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে অনেক সুবিধা দেওয়া হয়ে থাকে।বৈঠকে সুব্রত রায় সাহারা বলেন, ‘উপশহর গড়ে তোলার জন্য আমরা ঢাকার আশপাশে বেশ কয়েকটি জায়গা দেখেছি। তবে কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আমরা যে ধরনের কাজ করি তার জন্য বেশ বড় আয়তনের জায়গা দরকার। তাই জায়গার বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই আমরা আমাদের কাজ শুরু করব।’এ সময় এক প্রশ্নের জবাবে সুব্রত রায় সাহারা বলেন, ‘আমরা এ দেশের নিম্ন আয়ের মানুষ ও বিত্তশালী দুই শ্রেণীর সামর্থ্যকে মাথায় রেখে কাজ করতে চাই।’সাহারা গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা জানান, প্রায় নয় মাস ধরে বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি নিয়ে কাজ করছে।এ দেশে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে জানতে চাইলে সুব্রত রায় সাহারা বলেন, ‘এখনো এটি ঠিক হয়নি।’আবাসন খাতের বিনিয়োগের প্রস্তাব নিয়ে ২২ মে সুব্রত রায় সাহারার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে।