দেশে বিনিয়োগের মন্দা পরিস্থিতিতে স্থিতিশীল মুদ্রানীতি পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। কখনো বিদেশি মুদ্রার, বিশেষত, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখা, আবার কখনো স্থানীয় বাজারে মুদ্রার চাহিদা ও সরবরাহ ঠিক রেখে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংককে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।গেল সপ্তাহে বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজার থেকে বিপুল অঙ্কের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্বব্যাপী মন্দা ও দেশে মূলত গ্যাস-বিদ্যুতের সংকটে বিনিয়োগে ভাটা তৈরি হয়েছে। যে কারণে বিদেশি মুদ্রার চাহিদা কমে যাওয়ায় গত দেড় বছরে বাজার থেকে প্রায় আড়াই শ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২০০৪-০৫ সালে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনেছিল মাত্র সাড়ে ছয় কোটি। আর গত ২০০৯-১০ অর্থবছরে কিনেছে ২১৬ কোটি ডলার। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে ৩৩ গুণ বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আগে ডলার কেনার চেয়ে বেশি বিক্রি করতে হতো বাংলাদেশ ব্যাংককে। এখন পরিস্থিতি পাল্টে গেছে।বৈদেশিক বিনিময়কাজে যুক্ত প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকের বিদেশি মুদ্রা মজুদ রাখার একটা সীমা আছে। এসব ব্যাংকের সীমার অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করতে হয়। আন্তব্যাংক বিদেশি মুদ্রা বিনিময় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেলে ডলারের দরপতন হয়ে স্থানীয় মুদ্রা টাকা শক্তিশালী হয়ে উঠতে পারে। তাতে রপ্তানি ও প্রবাসী-আয় (রেমিট্যান্স) ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ডলারের দাম বেড়ে টাকার দর কমে গেলে আমদানি-বাণিজ্য ব্যয়বহুল হয়। ফলে ভাসমান বিনিময় হার (ফ্লোটিং) চালু থাকা অবস্থাতেও ডলারকে একটা স্থিতিশীল অবস্থায় ধরে রাখতে প্রায়ই বাজারে হস্তক্ষেপ করতে হয় বাংলাদেশ ব্যাংককে।এক হিসাবে দেখা যায়, গত তিন মাসে (অর্থবছরের প্রথম প্রান্তিকে) বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ৩১ কোটি ৬০ লাখ ডলার কিনেছে। আর বিক্রি করেছে মাত্র ১৩ কোটি ৪০ লাখ ডলার। এর মূল উদ্দেশ্য বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের মূল্যমান ধরে রাখা। কিন্তু গেল সপ্তাহে এ প্রবণতার উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নতুনভাবে গত দুই দিনে বাজারে ডলার সরবরাহ বাড়িয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ডলারের জোগান না দিলে প্রতি ডলারের দাম বেড়ে ৭২ টাকায় গিয়ে ঠেকত। কিন্তু গতকাল বিদেশি মুদ্রার আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের দাম ছিল ৭০ টাকা ৫০ পয়সা। একাধিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডলারের মূল্যে এমন পরিস্থিতি তৈরি হয়। প্রথম দিকে ডলারের দাম পড়তির দিকে থাকে। আর শেষ দিকে চাঙাভাব থাকে। সাধারণভাবে এ সময় আমদানি বাড়ে। সার ও চাল-গম আমদানি হয় সরকারের তত্ত্বাবধানে। পাশাপাশি সারা বছরের মতো জ্বালানি তেলের আমদানি চলতে থাকে।অন্যদিকে, হজ ও কোরবানি পশুর জন্য এ সময় খোলাবাজারে নগদ ডলারের চাহিদাও বিপুলভাবে বেড়ে যায়। তাই সাম্প্রতিক সময়ে কার্ব ও খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। ব্যাংকগুলোতে নগদ ডলারের সরবরাহও কমে এসেছে। ব্যাংকগুলো সাধারণত ডলার আমদানি করে কিংবা বিদেশফেরত যাত্রীদের কাছ থেকে কিনে নিয়ে ডলার সংগ্রহ করে। প্রথমটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। আর দ্বিতীয় পথে ডলার আয় ব্যাংকগুলোতে একেবারেই কমে গেছে বলে জানা যায়। কেননা বিদেশফেরত যাত্রীরা দ্রুত, সহজ ও বেশি মূল্য পাওয়ার আশায় কার্ব মার্কেটে ডলার বিক্রি করে দিচ্ছেন।আবার কার্ব মার্কেটে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আগামী কোরবানি ঈদের গরু আমদানির জন্য ডলার বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে হজের জন্যও তাঁদের কাছে ডলারের চাহিদা বেড়েছে। এ ছাড়া টেলিযোগাযোগ খাতের অবৈধ ভিওআইপি ব্যবসার ডলারও এই বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, এখন দেশের একশ্রেণীর ধনী লোক ঘন ঘন বিদেশে যাওয়া-আসা করেন অবকাশ যাপন করতে। তাঁদেরও ডলার সংগৃহীত হয় এই কার্ব মার্কেট থেকে। সব মিলিয়ে কার্ব মার্কেটে ডলারের দাম কিছুটা বেড়েছে। এক দিন আগে কার্ব মার্কেটে প্রতি ডলারের দাম ৭৩ টাকার ওপর ছিল। গতকাল বুধবার ৭২ দশমিক ৫০ টাকায় কার্ব ব্যবসায়ীরা ডলার বিক্রি করেন।তবে নগদ ডলার কেনাবেচা এবং রপ্তানি-রেমিট্যান্স ও আমদানি-বাণিজ্যের জন্য ডলার এক জিনিস নয়। রপ্তানি-রেমিট্যান্স ও আমদানি-বাণিজ্যের ডলার লেনদেন হয় ইলেকট্রনিক পদ্ধতিতে। আবার ডলার কিনতে হলে স্থানীয় মুদ্রাবাজারে টাকার সরবরাহ বাড়ে, যা মূল্যস্ফীতি বেড়ে যাওয়াসহ মুদ্রানীতি পরিচালনায় সমস্যা তৈরি হয়। তাই মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে বাজার থেকে রিভার্স রেপোর (পুনঃ পুনঃ ক্রয় চুক্তির) মাধ্যমে অতিরিক্ত তারল্য তুলে নিতে হচ্ছে। এই কারণে সিআরআরও বাড়ানো হয়েছে তারল্য সরবরাহের রেশ টেনে ধরতে। এর পরও বিনিয়োগ পরিস্থিতি গতিশীল না হওয়ায় এবং বিনিয়োগযোগ্য উপাদানের সুদের হার কমে যাওয়ায় মুদ্রাবাজার থেকে প্রতিনিয়ত অর্থ চলে যাচ্ছে শেয়ারবাজারে। এতে শেয়ারবাজার ক্রমেই স্ফীত হচ্ছে, যা সব মহলে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্ববাজার: সম্প্রতি বিশ্বের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দরপতন হয়েছে। গত তিন মাসে জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দর সাড়ে আট শতাংশ কমেছে। ইউরোর বিপরীতে ডলারের দরপতন হয়েছে ১৫ শতাংশের মতো। ভারতীয় রুপি, সিঙ্গাপুর-হংকং ও অস্ট্রেলিয়ার ডলারসহ বিশ্বের প্রধান সব মুদ্রার তুলনায় ডলারের দাম কমেছে একই গতিতে। বেগতিক দেখে রপ্তানি বাঁচাতে গত মাস থেকে ডলার কেনা শুরু করেছে জাপান। একই পথে হাঁটছে কলম্বিয়া, দক্ষিণ কোরিয়াসহ রপ্তানিমুখী দেশগুলো। বলা হচ্ছে, চীন তাদের মুদ্রার মান না বাড়ালে ডলারের বাজার স্থিতিশীল হবে না। রীতিমতো মুদ্রাযুদ্ধ (কারেন্সি ওয়্যার) চলছে চীন ও আমেরিকায়। আমেরিকা বলতে চাচ্ছে, চীন তাদের মুদ্রা অবমূল্যায়িত করে রেখেছে। তাকে মুদ্রার মান পুনর্নির্ধারণ করতে হবে। এমনকি চীন সেটা না করলে আমেরিকাতে তাদের রপ্তানি কমিয়েও দিতে পারে, এমন বক্তব্যও পাওয়া যাচ্ছে।