বিনিয়োগ যে নেমে যায়নি সেটাই তো বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিয়েছেন। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি প্রস্তাবিত বাজেট, দেশের ব্যবসা-বাণিজ্য ও এফবিসিসিআইয়ের নানা দিক নিয়ে আলোচনা করেছেন
আবদুল মাতলুব আহমাদ
আবদুল মাতলুব আহমাদ

প্রথম আলো: আপনি এফবিসিসিআইয়ের সভাপতি হতে না হতেই সরকার বাজেট দিল। এই বাজেট কেমন হলো?
মাতলুব আহমাদ: দেশীয় শিল্পকে কী করে এগিয়ে নেওয়া যায়, তার একটি প্রয়াস এবারের বাজেটে দেখা গেছে। অনেক পণ্যে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, অনেক পণ্যে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এসবের মাধ্যমে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার স্বল্প আয়ের মানুষের জন্য এবারের বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন, সৌর হারিকেন। দিনের বেলায় রোদে রাখলে রাতের বেলায় তা থেকে আলো জ্বলবে। কোনো চার্জ দিতে হবে না, বিদ্যুৎ লাগবে না। এই হারিকেনের আমদানি শুল্ক আগে ২৫ শতাংশ ছিল। বাজেটে তা শূন্য করে দেওয়া হয়েছে। এটা সাধারণ মানুষকে অনেক স্বস্তি দেবে। এবারের বাজেটের আরেকটি দিক হলো বড় আকারের বাজেট। বড় বাজেট মানে বড় স্বপ্ন। বেশি অবকাঠামো নির্মিত হবে। এখন যতগুলো ফ্লাইওভার আছে, তা যদি আরও বাড়ে তাহলে তো মানুষের জীবনযাত্রা সহজ হবে। এসব কারণে এবারের বাজেট হয়েছে দেশীয় শিল্পবান্ধব, দরিদ্র-অতি দরিদ্রবান্ধব এবং গণবান্ধব বাজেট। গত দুই বছর বাজেটের আকার বেড়েছে। পেট্রলবোমা ছিল, সংঘাত ছিল। এরপরও বাজেট বাস্তবায়নের কাছাকাছি চলে গেছে। তাই আমরা মনে করি, আগামী বাজেট এবং এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পূরণ হবে।
প্রথম আলো: বাজেটকে শিল্পবান্ধব বললেও আপনারা সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন।
মাতলুব আহমাদ: এটা কিন্তু প্রস্তাবিত বাজেট। তবে বাজেটের দর্শনটা ব্যবসা-সহায়ক। বিজিএমইএ যে দাবিটা করেছে (উৎসে করের হার কমানো), সেটা যদি সরকারের কাছে যৌক্তিক মনে হয় তাহলে সরকার তা করবে। এমন আরও কয়েকটি ক্ষেত্র আছে, যেখানে দাবিদাওয়া উঠছে। বাজেট পাস হবে ৩০ জুন। ফলে এখনো অনেক সময় আছে এসব দাবি সংশোধন করার। আমাদের কাজটা হবে বিভিন্ন সংগঠনের এসব দাবিদাওয়াকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমরা এ কাজটি করব ব্যবসায়ীদের স্বার্থে, কোনো কোম্পানির স্বার্থে নয়। সরকার জনগণের জন্য কাজ করে, ব্যবসায়ীরাও জনগণের জন্য কাজ করেন। তাই সরকার ব্যবসায়ীদের কথা শুনবে বলে আমার বিশ্বাস।

পৃথিবীর বিভিন্ন দেশে ৩ থেকে ৫ শতাংশ সুদে ঋণ দিতে পারলে আমাদের দেশে কেন তা হবে না? কয়েকজন ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লাভের জন্য দেশের ব্যাংকিং খাত এভাবে চলতে পারে না। আমরা শিগগিরই ব্যাংকের মালিক, ব্যবসায়ী ও আমানতকারীদের নিয়ে বসব

প্রথম আলো: দেশে কি ব্যবসা-সহায়ক পরিবেশ আছে?
মাতলুব আহমাদ: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমরা ব্যবসা চালিয়ে গেছি। সে কারণে রপ্তানিও কমেনি। আমরা সরকারের কাছে অনুদান চাই না, কিছুটা সহায়তা চাই। আমরা ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার কথা বলেছি। এটা হলে অনেক ব্যবসায়ী দেউলিয়া হওয়ার হাত থেকে বেঁচে যাবেন। পৃথিবীর বিভিন্ন দেশে ৩ থেকে ৫ শতাংশ সুদে ঋণ দিতে পারলে আমাদের দেশে কেন তা হবে না? কয়েকজন ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লাভের জন্য দেশের ব্যাংকিং খাত এভাবে চলতে পারে না। আমরা শিগগিরই ব্যাংকের মালিক, ব্যবসায়ী ও আমানতকারীদের নিয়ে বসব। কীভাবে সুদের হার কমানো যায় তার কৌশল খুঁজে বের করব।
প্রথম আলো: বেসরকারি বিনিয়োগ পাঁচ বছর ধরেই ২২ শতাংশের ঘরে। কেন বিনিয়োগ বাড়ছে না?
মাতলুব আহমাদ: কয়েক বছর ধরে যে বেসরকারি খাতের বিনিয়োগ ২২ শতাংশ থেকে নেমে যায়নি, সেটাই তো বেশি। ছয়-সাত বছর ধরে শিল্পে নতুন গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে না। শিল্পে যদি জ্বালানির সংযোগ না দেওয়া হয় তাহলে শিল্প কীভাবে হবে? বিশ্ববাজারে ডিজেলের দাম অর্ধেকে নেমেছে। কেন দেশে এটা অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে না? এটা করা হলে আমরা আর গ্যাস চাইব না। নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করে নেব। আমাদের এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৩ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে সাত হাজার মেগাওয়াট। এই ঘাটতিটা পূরণ করা হোক। এ থেকে যদি এক হাজার মেগাওয়াট বিদ্যুৎও যদি আমাদের দেওয়া হয় তাহলে দেশে তরতর করে শিল্প গড়ে উঠবে। আর আগেই তো ঋণের উচ্চ সুদের হারের কথা বলেছি।
প্রথম আলো: সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেলেন। এই সফর থেকে দেশের শিল্প খাত কী পেল? ভারতে বাংলাদেশের রপ্তানি এত বছরেও ১০০ কোটি ডলার হলো না?
মাতলুব আহমাদ: নরেন্দ্র মোদি বলে গেছেন, বাণিজ্য ঘাটতি থাকা ঠিক নয়। আমি তো অনেক দিন ধরেই এ কথা বলছি। একই সঙ্গে বলে আসছি, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে হলে সে দেশের বিনিয়োগ এখানে আনতে হবে। তাদের বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠানকে এ দেশে এনে পণ্য উৎপাদন করে তা ভারতে পুনঃরপ্তানি করতে হবে। এর মাধ্যমেই ঘাটতি কমাতে হবে। আমরা নরেন্দ্র মোদির কাছে ৫০ একর জমি চেয়েছি। আমরা সেখানে বাংলাদেশি পণ্যের একটি বড় গুদাম (ওয়্যারহাউস) বানাব। এ ছাড়া সারা ভারতে এক হাজার খুচরা দোকান বানাব, যেখানে আমাদের তৈরি পোশাক বিক্রি হবে। এ বিষয়ে একটি প্রকল্প তৈরি হচ্ছে।
প্রথম আলো: দায়িত্ব নেওয়ার পর আপনি বলেছেন, আগামী এক বছরে প্রতি জেলায় তিনজন করে উদ্যোক্তা গড়ে তুলবেন। এটা কীভাবে হবে?
মাতলুব আহমাদ: এ বিষয়ে আমরা শিগগিরই একটি কমিটি করব। জেলা চেম্বারগুলোকেই নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করতে হবে। আর এফবিসিসিআই তাঁদের সহায়তা করবে। উদ্যোক্তাদের কিছু জমি আর টাকা থাকতে হবে। আমরা তাঁদের ৯ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। অন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেব।
প্রথম আলো: আপনি বলেছেন, আপনার প্রথম এজেন্ডা এফবিসিসিআইয়ের সংস্কার। পরিকল্পনা কী, কীভাবে তা বাস্তবায়ন করবেন?
মাতলুব আহমাদ: এফবিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়াটি কেমন যেন। সংগঠনের সাধারণ সদস্যরা তাঁদের নিজেদের মতো করে নেতা নির্বাচন করতে পারেন না। ২০০২ সালে আমি এ নিয়ে অনশনও করেছিলাম। এটা নিয়ে কাজ হওয়া দরকার। আবার এফবিসিসিআইয়ের কার্যক্রমেও সংস্কার হওয়া প্রয়োজন। আমাদের লোকবল কম। সে কারণে বাইরে থেকে গবেষণা নেব। আমরা পিআরআই (পলিসি রিসার্চ ইনস্টিটিউট) এবং বিল্ডের (বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট) মতো গবেষণা সংস্থার সঙ্গে চুক্তিতে আসছি। আমাদের যেসব ক্ষেত্রে কাজ করা দরকার, সেসব ক্ষেত্রে তাঁদের কাছ থেকে আমরা গবেষণা নেব। ভারতের সিআইআইয়ের (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) সঙ্গে কথা হয়েছে। তারা তাদের সব গবেষণা আমাদের সঙ্গে বিনিময় করবে। ফিকির (ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) সঙ্গে আমরা এ নিয়ে আলোচনা করব। আমরা এফবিসিসিআইতে একজন অর্থনীতিবিদ নিয়োগ দেব। উনি নানা বিষয়ে আমাদের পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। আশা করি, ডিসেম্বর নাগাদ এফবিসিসিআইয়ের অনেক সংস্কার আপনারা দেখতে পারবেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন আবুল হাসনাত