
আগামী অর্থবছরের বাজেটে করপোরেট কর না কমানোর সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ছাড়া ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা তিন লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও দিয়েছে সিপিডি। আর অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কালোটাকা সাদা করার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে এই গবেষণা সংস্থা।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবমালা আনুষ্ঠানিকভাবে তুলে ধরে সিপিডি। তাতে এসব সুপারিশ রয়েছে।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এই সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ উর্ধ্বতন গবেষকেরা উপস্থিত ছিলেন। বাজেট প্রস্তাবনা উপস্থাপনা করেন সিপিডির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন। একই সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতির ওপরও আলোকপাত করা হয়।
অর্থনীতি: চলতি অর্থবছরে (২০১৩-১৪) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় শতাংশের নিচে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সিপিডি। সিপিডি মনে করছে, অর্থবছরের প্রথমার্ধের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা ছিল। নির্বাচনের পরও দ্বিতীয়ার্ধে বিনিয়োগ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা রয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা রয়েছে। অর্থনীতি গতি পায়নি।
বিনিয়োগ সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যতক্ষণ পর্যন্ত অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন আসবে না। জাতীয় নির্বাচনের পর স্বস্তি আসবে এবং অর্থনীতিতে উল্লম্ফন ঘটবে বলে মনে করা হয়েছিল। বাস্তবে সে রকমটি হয়নি। পুঁজি-পণ্যের আমদানি হ্রাস পেয়েছে। বিদ্যমান উৎপাদন ক্ষমতা চালু হয়েছে মাত্র। দেবপ্রিয় মনে করেন, বড় বিনিয়োগের ক্ষেত্রে অস্বস্তি, অনিশ্চয়তা কাটেনি। এখনো সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। সম্প্রতি ব্যক্তিজীবনের নিরাপত্তাও হুমকিতে পড়েছে। বিনিয়োগের পরিবেশ না থাকলে অর্থ পাচারের প্রবণতা বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
প্রবৃদ্ধি সম্পর্কে দেবপ্রিয় বলেন, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে আর্থিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক ব্যবস্থা আছে কি না—সেটাই বড় চ্যালেঞ্জ। বাজেট প্রাক্কলনে বড় ঘাটতি রয়েছে। বাজেটে প্রাক্কলিত আয় হয় না, আবার ব্যয়ও হয় না। একদিকে বিনিয়োগ বন্ধ্যত্ব রয়েছে। অন্যদিকে আর্থিক কাঠামোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এই অর্থনীতিবিদ আরও বলেন, তিন দশক ধরে প্রতি দশকে গড়ে এক শতাংশ প্রবৃদ্ধি বাড়ছে। এ বছর সেই ধারার বিচ্যুতি হচ্ছে। আগামী অর্থবছরে বিনিয়োগ কম হলে প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে বলে তিনি মনে করেন।
কালোটাকা সাদা করার সুযোগ অর্থনৈতিক কোনো যুক্তিতেই টেকে না উল্লেখ করে দেবপ্রিয় বলেন, এতে অব্যাহত কর ফাঁকির সংস্কৃতি গড়ে ওঠে। এটা প্রকৃত করদাতার জন্য শাস্তিস্বরূপ। এতে অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। সর্বোপরি এত সুযোগ দেওয়ার পরও ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হয়নি।
বিনিয়োগ সম্পর্কে সিপিডি বলছে, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠলেও রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, যা বিনিয়োগ বাধাগ্রস্ত করছে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা রয়েছে। জাতীয় নির্বাচনের আগের ছয় মাস বিনিয়োগ শ্লথ ছিল। গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও বেসরকারি বিনিয়োগের গতি কম। জাতীয় নির্বাচনের পরও ব্যবসায় পরিবেশ না থাকায় বিনিয়োগে গতি আসছে না। তবে বিগত দুই অর্থবছরের মতো চলতি অর্থবছরে সরকারি বিনিয়োগে প্রবৃদ্ধি ধরে রাখা যাচ্ছে না। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ভৌত অবকাঠামোতে কাঙ্ক্ষিত সরকারি বিনিয়োগ হচ্ছে না।
সিপিডি মনে করে, অর্থনীতিবহির্ভূত তিনটি কারণ রয়েছে, যেগুলো এখন অর্থনীতির চলক হিসেবে কাজ করে। এগুলো হলো: দুর্বল বাস্তবায়ন ব্যবস্থাপনা, দুর্বল পর্যবেক্ষণ ক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক ও আইনি সংস্কারের অভাব।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এতে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। আর সুশাসন নিশ্চিত হলে বিনিয়োগে আকৃষ্ট করা সম্ভব হবে।
প্রস্তাবসমূহ: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে সিপিডি। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা দুই লাখ ২০ হাজার টাকা থেকে তিন লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বাড়ি ভাড়ায় কররেয়াতি সীমা আরও বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে।
এ ছাড়া করপোরেট কর না কমানোর পক্ষে অবস্থান সিপিডির। সিপিডি বলছে, দক্ষিণ এশিয়ায় করপোরেট কর হার সবচেয়ে কম এমন দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রায় কাছাকাছি করপোরেট কর হার বাংলাদেশে। করপোরেট কর হার কমিয়েই শুধু বিনিয়োগ আকৃষ্ট করা যাবে না, অবকাঠামো উন্নয়নসহ বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে।
রাজস্ব আদায়ের ক্ষেত্রে সাতটি বিষয়ের ওপর প্রস্তাব করেছে সিপিডি। প্রথমত, বাস্তবমুখী রাজস্ব আদায় লক্ষ্য নির্ধারণ; দ্বিতীয়ত, কর ফাঁকি রোধে প্রয়োজনীয় নজরদারি বাড়ানো; তৃতীয়ত, সম্পদের ওপর সারচার্জ আদায়ে জোর দেওয়া; চতুর্থত, বাংলাদেশে কর্মরত বিদেশিদের কাছ থেকে কর আদায়; পঞ্চমত, নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন; ষষ্ঠত, সম্পূরক শুল্ক প্রত্যাহার করার আগে লাভ-ক্ষতি নির্ধারণ; এবং সপ্তমত, করবহির্ভূত রাজস্ব আদায়ে গুরুত্বারোপ।
জ্বালানি তেলের দাম সমন্বয়কে ভালো উদ্যোগ হিসেবে মনে করেও সিপিডি বলছে, ঊর্ধ্বমুখী মূল্য সমন্বয় করার কারণে কৃষিপণ্যের উৎপাদন মূল্য যাতে বেশি বেড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। কেননা এতে ভোক্তার ওপরে চাপ বাড়ে।
পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে সিপিডি বলছে, অনেক সময় চলে গেছে। এই সময়ে ব্যয়ও বেড়েছে। তাই প্রকল্প ব্যয় পুনর্মূল্যায়ন করা উচিত। সেতুর টোল খরচও পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে সিপিডি। সিপিডি মনে করে, কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার দিকে বেশি মনোযোগ দিতে হবে।
এই প্রকল্পটি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, গভীর সমুদ্র বন্দর ও এলএনডি টার্মিনাল নির্মাণের মতো বড় প্রকল্পে আরও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে সিপিডি বলছে, বর্তমানে ৯৫ ধরনের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে। ২০১১-১২ অর্থবছরের জিডিপির ২ দশমিক ৫ শতাংশ অর্থ সামাজিক সুরক্ষায় ব্যয় করা হয়েছে। চলতি অর্থবছরে তা ২ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশে গড়ে জিডিপির ৪ শতাংশ সামাজিক সুরক্ষায় খরচ করা হয়। সামাজিক নিরাপত্তায় শ্রমিকদের জন্য একটি বিমা ব্যবস্থা চালুর সুপারিশ করেছে সিপিডি।