বিনিয়োগ সম্ভাবনার খাত চিহ্নিতকরণে গবেষণা করবে বিল্ড
দেশে বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করতে গবেষণা করবে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।গবেষণার আওতায় আসবে বাণিজ্যসংক্রান্ত নিবন্ধন প্রদান এবং সরকারের ই-গভর্নেন্স সহজীকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালে বিভিন্ন মন্ত্রণালয় থেকে দেওয়া নিবন্ধন ও সনদ পাওয়ার তথ্য সন্নিবেশন করার বিষয়েও বিল্ড গবেষণা করবে।বিল্ডের ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত কার্যকরী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সম্প্রতি ঢাকা চেম্বার মিলনায়তনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি নিহাদ কবীর প্রতিনিধিত্বমূলক ‘কো-চেয়ার’ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দেশের বেসরকারি খাত এবং বাণিজ্য সম্ভাবনা উন্নয়নে ঢাকা চেম্বার মেট্রোপলিটন চেম্বার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) যৌথ উদ্যোগে গত বছরের অক্টোবরে বিল্ড গঠন করা হয়।