বিনিয়োগ সম্মেলন এবার বেইজিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চীন–বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম। ঢাকায় গতকাল  এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এই ফোরামের বিস্তারিত তুলে ধরেন l ছবিটি দি সিটি ব্যাংকের সৌজন্যে
আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চীন–বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম। ঢাকায় গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এই ফোরামের বিস্তারিত তুলে ধরেন l ছবিটি দি সিটি ব্যাংকের সৌজন্যে

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবার বিনিয়োগ সম্মেলন হবে চীনের বেইজিংয়ে। ২১ আগস্ট বেইজিংয়ের ওয়েস্টিন ফিন্যান্সিয়াল স্ট্রিটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চীন-বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম। ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর গ্রুপের আয়োজনে সম্মেলনটি পৃষ্ঠপোষকতা করছে দি সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ। এর আগেও ব্যাংক দুটির পৃষ্ঠপোষকতায় সিঙ্গাপুর, হংকং ও লন্ডনে বিনিয়োগ সম্মেলন হয়।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যাংক দুটির প্রধান নির্বাহী। এ সময় চীনা দূতাবাসের অর্থনৈতিক ও ব্যবসায়িক কাউন্সিলর লি গুয়ানজুন এবং চায়নিজ চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট লিন ওইকিয়াং উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন বলেন, ‘বাংলাদেশ এখন দ্রুত প্রবৃদ্ধির দেশগুলোর একটি। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। এ জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন। চীন হতে পারে আমাদের বড় বিনিয়োগকারী দেশ। তারা অবকাঠামো, জ্বালানি, সমুদ্রবন্দর ও শিল্প খাতে বিনিয়োগ করতে পারে। দেশে বিনিয়োগের যে সুযোগগুলো আছে, এই সম্মেলনে তা তুলে ধরা হবে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, ‘দেশে চীনের বেসরকারি বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশ চীনের “ওয়ান বেল্ট, ওয়ান রোড” উদ্যোগে যুক্ত হওয়ায় সম্মেলনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে ১১২ বছর ও চীনে ১৫০ বছর ধরে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। দেশে চীনের বিনিয়োগ বাড়াতে সেতু হিসেবে কাজ করতে পারি আমরা।’

চীনা দূতাবাসের লি গুয়ানজুন বলেন, বিনিয়োগকারীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনুমোদন নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হয়। এ জন্য অনেক সময় চলে যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি ওয়ানস্টপ সার্ভিস তৈরির ঘোষণা দিয়েছে, তা ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে। এ ছাড়া সস্তা শ্রম থাকলেও দক্ষ কর্মীর অভাব রয়েছে। তবে সরকার বিনিয়োগকারীদের ব্যাপারে আন্তরিক।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিনিয়োগ সম্মেলনে দেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরবেন। সরকারি-বেসরকারি ছাড়াও দেশের ৩০০ ব্যবসায়ী সম্মেলনে অংশ নেবেন। চীনের ১৩৭টি ছোট-বড় প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে নিবন্ধন করেছে বলে জানানো হয়।