বিনিয়োগ-সহায়ক মনে করছে ঢাকা চেম্বার
বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাকে বিনিয়োগ-সহায়ক হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।এ মুদ্রানীতির বেশ কয়েকটি বিষয়কে ইতিবাচক মন্তব্য করে সংগঠনটি বলেছে, এসবের বাস্তবায়ন করা হলে বেসরকারি খাতে অর্থায়নে গতিশীলতা আসবে এবং শিল্প ও বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তারাও উপকৃত হবে।ঢাকা চেম্বার থেকে গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে মুদ্রানীতির এমন মূল্যায়ন তুলে ধরা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করে।ঢাকা চেম্বার নতুন মুদ্রানীতির যেসব বিষয়কে ইতিবাচক বলেছে সেগুলো হলো: বেসরকারি খাতে ঋণ জোগানের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১৮ দশমিক ৫ শতাংশ করা, ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাসহ সব উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা, ব্যাপক মুদ্রার জোগান প্রবৃদ্ধির সীমা বাড়িয়ে ১৭ দশমিক ৭ শতাংশ করা, ব্যাংকব্যবস্থা থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি কমানো, বাংলাদেশ ব্যাংকের রেপো ও রিভার্স রেপোর সুদহার দশমিক ৫ শতাংশ কমানো, অভ্যন্তরীণ ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৮ দশমিক ৯ শতাংশ করা ইত্যাদি। তবে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে সঠিক উদ্যোগ গ্রহণ ও এর সঠিক ব্যবস্থাপনা, পুঁজিবাজারের কার্যক্রমে স্থিতিশীলতা ও গতিশীলতা আনতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এবং প্রকৃত উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ঢাকা চেম্বার।সংগঠনটি বলছে, ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে সব ধরনের পদক্ষেপ নিতে হবে।