তালিকাভুক্ত নয় এমন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকে ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ সীমার বাইরে রাখার প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া করপোরেট বন্ডে বিনিয়োগকে ব্যাংকের সংবিধিবদ্ধ জমা (এসএলআর) হিসাবে দেখানোর যে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাও নাকচ হয়েছে। গতকাল নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ সভায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর নিয়ন্ত্রক সংস্থা এমআরএ, বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ, যৌথ মূলধনি কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা আরজেএসসি, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, গতকালের সভায় বিএসইসির প্রস্তাব ছিল শেয়ারবাজারে তারল্য বাড়ানোর জন্য অতালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকে ব্যাংকের বিনিয়োগ সীমার বাইরে রাখা যেতে পারে। এতে বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সুযোগ বাড়বে। বর্তমানে এ ফান্ডে প্রায় ৮৫০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ প্রস্তাব নাকচ করা হয়।
বিএসইসি আরও প্রস্তাব দেয়, করপোরেট বন্ডে বিনিয়োগকে ব্যাংকের সংবিধিবদ্ধ জমা হিসেবে দেখানো যেতে পারে। এটিও নাকচ করে বাংলাদেশ ব্যাংক জানায়, নির্দিষ্ট পরিমাণ এসএলআর অবশ্যই জমা রাখতে হবে। এসব বন্ড খেলাপি হয়ে গেলে কে দায়িত্ব নেবে? তবে এ বিনিয়োগকে ব্যাসেল-৩-এর অধীনে কোনো হিসাবে রাখা যায় কি না তা খতিয়ে দেখা হবে।
ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ সহজ কীভাবে করা যায় তা নিয়েও আলোচনা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এ জন্য বিএসইসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ট্রেডিং ইঞ্জিনের সংযোগ দিতে হবে। তবে দুর্ঘটনা রোধে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পরই সংযোগের বিষয়ে সিদ্ধান্ত হবে।
সভায় বিটিআরসির পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং সেবায় অবকাঠামো সুবিধার একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক বিটিআরসিকে এ বিষয়ে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্তে আসার পরামর্শ দেয়।
এ ছাড়া ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ও আজিজ কো-অপারেটিভের মতো প্রতিষ্ঠানগুলোর অবৈধ ব্যাংকিংয়ের বিষয়ে আলোচনা হয়।
তাদের দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা রাখতে সব নিয়ন্ত্রক প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। ব্যাংকের নামে কেউ যাতে অবৈধ ব্যাংকিং করতে না পারে সে জন্য সবাই পদক্ষেপ নেবে।