বাংলাদেশের কাছে রাষ্ট্রীয় পর্যায়ে (স্টেট টু স্টেট) চুক্তির মাধ্যমে ফসফরিক অ্যাসিড ও রক ফসফেট বিক্রির প্রস্তাব দিয়েছেন জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী জারুব কুদাহ। তিনি দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
জর্ডানের রাজধানী আম্মানে গতকাল বুধবার সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জারুব কুদাহ এ প্রস্তাব দেন। এ সময় জর্ডানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও শিল্প খাতে যৌথ বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয় এবং এতে আমির হোসেন আমু জর্ডানের রক ফসফেট সারের গুণগতমানের প্রশংসা করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবছর জর্ডান থেকে দেড় লাখ টনেরও বেশি রক ফসফেট আমদানি করছে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় জর্ডান থেকে রক ফসফেট আমদানির বিষয়ে বাংলাদেশ সম্মত রয়েছে।
বাংলাদেশের প্রায় দেড় লাখ জনশক্তি জর্ডানে কাজ করছে—এ তথ্য উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এ জনশক্তি জর্ডানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশটি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে পারে।
পরে মন্ত্রী আম্মান চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং জর্ডান-বাংলাদেশ যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের বিষয়ে আলোচনা করেন। তিনি জর্ডানে যৌথ বিনিয়োগে একটি টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাব দেন। এ সার কারখানায় উৎপাদিত সব সার বাংলাদেশ কিনে নেবে বলেও তিনি উল্লেখ করেন। জর্ডানের শিল্প উদ্যোক্তারা আমির হোসেন আমুর প্রস্তাবকে স্বাগত জানান।
শিল্পমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ ও বিসিআইসির পরিচালক মো. আবদুল হাই।