বিনিয়োগ-স্থবিরতায় দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশিদান ইসলাম রহমান
রুশিদান ইসলাম রহমান

প্রথম আলো: সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে। এটি কেন হয়েছে?
রুশিদান ইসলাম রহমান: কয়েক বছর ধরেই জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬ দশমিক ৭ শতাংশ, ৬ দশমিক ২ শতাংশ ও ৬ শতাংশ। এটা শ্লথ হচ্ছে অনেক কারণে। একদিকে বৈশ্বিক মন্দা ও পরবর্তী পরিস্থিতিতে খাপ খাওয়ানোর সমস্যাটি ছিল। সেসব কারণে এবং অভ্যন্তরীণ ও রাজনৈতিক অস্থিরতায় ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিনিয়োগ-জিডিপির অনুপাতে স্থবিরতা দেখা দেয়। ২৪ দশমকি ৪ শতাংশ থেকে ২৪ দশমিক ৫ শতাংশের মধ্যে সেটা থেমে ছিল। বিনিয়োগ হারে স্থবিরতার একটি দীর্ঘমেয়াদি প্রভাব থাকে পরবর্তী বছরগুলোর প্রবৃদ্ধিতে। যেমন কৃষিতে প্রবৃদ্ধি বেশ নিচে নেমে গিয়েছে। উপকরণ সরবরাহ ইত্যাদিতে সমস্যা না থাকা সত্ত্বেও এটা হয়েছে। এ থেকে উত্তরণের জন্য আগে থেকেই উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গবেষণায় বিনিয়োগ করা প্রয়োজন ছিল, যার সুফল হয়তো এখন পাওয়া যেত। আরও প্রয়োজন ছিল বিদ্যুৎ-গ্যাস ইত্যাদি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ২০০৬ থেকেই সেটা করা হলে বর্তমান সময়ে শিল্পায়ন ত্বরান্বিত হতো।
প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতার প্রভাবে চলতি অর্থবছরও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনেক কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এটা কতটা সঠিক?
রুশিদান ইসলাম: হরতাল উৎপাদন ব্যাহত করবে এবং জিডিপি প্রবৃদ্ধি হারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটা অবশ্যই সত্য। এই প্রভাবে বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধির হার দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমবে, নাকি এটা একটু বাড়িয়ে দেখানো হচ্ছে—সেটা নিশ্চিত বলা কঠিন। তবে এই প্রভাব প্রকৃতপক্ষে আরও বেশি হবে, যদি ভবিষ্যৎ বছরগুলোয় হরতালের পরোক্ষ প্রভাবগুলো হিসাবে আনি। হরতাল বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি নিরুৎসাহব্যঞ্জক প্রভাব ফেলে। যেসব বিনিয়োগ একটু সময় নিয়ে সুফল দেয়, সেগুলো পিছিয়ে যায়। বিদেশি বিনিয়োগে ক্ষতিকর প্রভাব বেশি পড়ে। ফলে তিন থেকে চার এমনকি পাঁচ থেকে ছয় বছর পরেও এই প্রভাব থেকে যায়। এভাবে তা জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনার গোড়াতে রসসিঞ্চন কমিয়ে দেয়।
প্রথম আলো: প্রবৃদ্ধি কমে গেছে তা সার্বিকভাবে শ্রম-পরিস্থিতির ওপর কি কোনো বিরূপ প্রভাব ফেলবে?
রুশিদান ইসলাম: হরতালে শ্রমব্যবহার ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে যাঁরা সাময়িক বা দৈনিক মজুরিতে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে। যাঁরা স্থায়ী চাকরিতে আছেন, মাসিক বেতন পান, তাঁরা কাজ না থাকলেও বা দু-এক দিন অনুপস্থিত থাকলেও চাকরিতে বহাল থাকেন, বেতন পান। কিন্তু যে চা-দোকানের কর্মচারী দৈনিক ভিত্তিতে কাজ করেন, হরতালের দিনে তাঁর কাজ থাকবে না। গ্রাম থেকে যাঁরা বাসে গিয়ে শহরে মজুরি-কর্ম পান, তাঁরা বাস না চললে কাজে যেতে পারেন না। কর্মসংস্থান হ্রাসের মাত্রাটি প্রবৃদ্ধির হার হ্রাসের চেয়ে কিছুটা কম হবে। কিন্তু এই প্রভাবটি বেশি ক্ষতিগ্রস্ত করে দরিদ্র, দিন আনে দিন খায় ধরনের মজুর বা ক্ষুদ্র স্বনিয়োজনের ফেরিওয়ালা, ভ্যানচালক ইত্যাদি ক্ষেত্রে। সেই সঙ্গে এটাও বলা যায় যে এ বছর বিনিয়োগ হার কমে যাওয়ার কারণে সামনের দু-এক বছর নতুন কর্মসংস্থানের হার কমবে।
প্রথম আলো: জনশক্তি রপ্তানি কমে যাচ্ছে। প্রবাসী-আয়প্রবাহও কমছে। ভবিষ্যতে এটা প্রবৃদ্ধির ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলবে?
রুশিদান ইসলাম: সাম্প্রতিক সময়ে প্রবাসী-আয়প্রবাহ কমে যাওয়ায় সেটা আরেক দফা ক্ষতিকর প্রভাব ফেলবে জিডিপি প্রবৃদ্ধির ওপর। কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রবাসী-আয়ের খুব বড় অংশ বিনিয়োগে প্রবাহিত হয় না। কাজেই এটা কমার কারণে প্রবৃদ্ধি ব্যাহত হবে কেন? বাস্তবে প্রবৃদ্ধি ব্যাহত হবে অন্যভাবে। প্রবাসী-আয় কমলে সেটা চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রবাসী-আয়ের ফলে স্থানীয় পণ্য ও সেবামূলক কাজের চাহিদা বাড়ে। প্রবাসী-আয়প্রবাহ কমলে এসব উৎপাদন নিরুৎসাহী হবে।
প্রথম আলো: দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে?
রুশিদান ইসলাম: আমরা সবাই আশাবাদী যে রাজনৈতিক অস্থিরতা কমবে এবং সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে অচিরে। কিন্তু তখন যেন অর্থনীতিতে দ্রুতভাবে গতি সঞ্চার করা যায়, সেই বিষয়ে কিছু আগাম চিন্তাভাবনা করে রাখতে হবে। ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়তে একটু সময় লাগতে পারে। কাজেই সরকারি বিনিয়োগ বা জিডিপি অনুপাত বৃদ্ধি অব্যাহত রাখার প্রচেষ্টা নিতে হবে। গত দুই থেকে তিন বছর (বর্তমান বছর বাদে) কিন্তু এই অনুপাত বেড়েছিল। ২০১০-১১ তে ৫ দশমিক ৬ শতাংশ থেকে ২০১২-১৩ তে ৭ দশমিক ৯ শতাংশ। কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এটা এখনো সব অঞ্চলে অব্যাহত শিল্পায়নের জন্য যথেষ্ট নয়। কাজেই এই খাতে উন্নয়নধারা আরও যৌক্তিকভাবে অগ্রসর হতে হবে। পোশাকশিল্পে অস্থিরতা কমিয়ে আনার জন্য সব পক্ষ যেন উদ্যোগী হয়, সেটা দেখা জরুরি। কারণ, এই খাতই পারে অনতিবিলম্বে শিল্প প্রবৃদ্ধি হার বাড়াতে। কৃষক যেন শস্যের ভালো দাম পান, সেসব পদক্ষেপের মাধ্যমে প্রণোদনা দিতে হবে। তবে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ হার বাড়ানো ছাড়া জিডিপি প্রবৃদ্ধির হার ত্বরান্বিত করা অসম্ভব। আর সেটা তখনই হবে, যখন বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন যে এ দেশে আর বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ও উৎপাদনবিমুখ প্রতিবাদ কর্মসূচি থাকবে না।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]