বিনিয়োগকারী ঐক্য পরিষদের মানববন্ধন
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের দুই বছর পূর্তিতে মুখে কাপড় বেঁধে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির নেতা-কর্মী ও সাধারণ বিনিয়োগকারীরা এতে অংশ নেন।বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে জানান, ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে ভয়াবহ ধসের পর ২০১১ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের জন্ম হয়। সংগঠনটির দুই বছর পূর্তি উপলক্ষে আজ ডিএসইর সামনে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী। তিনি আরও জানান, বিনিয়োগকারীরা মুখে কালো কাপড় বেঁধে নীরব মানবন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ব্যবহূত ব্যানারে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদ জানানো হয় বলেও জানান তিনি।