বিনিয়োগকারী-পুলিশ সংঘর্ষে আহত ১০, আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আজ মঙ্গলবারও বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সূচকের পতন শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটে সাধারণ সূচক ১০০ পয়েন্টের বেশি পড়ে গেলে বিনিয়োগকারীরা বরাবরের মতো আজও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন হাউস থকে কয়েক শ বিনিয়োগকারী তাঁদের সঙ্গে যোগ দেন। বিনিয়োগকারীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ওই সড়কের দুই পাশের ভবনে ব্যাপক ভাঙচুর শুরু করলে পুলিশ তাঁদের বিরুদ্ধে অ্যাকশনে যান। বিনিয়োগকারীদের সড়ক থেকে সরাতে পুলিশ কয়েক দফা লাঠিপেটা ও ছয়টি টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করে। এ সময় সেখানে কর্তব্যরত মতিঝিল থানার পেট্রোল পরিদর্শক আবু হাজ্জাজ, উপপরিদর্শক সমীর, কনস্টেবল রানা মিয়া, বাংলা নিউজের ফটো সাংবাদিক জোবায়ের রাকেশ, মাই টিভির ক্যামেরাম্যান রাজিব ফকরুল, মাই টিভির সাংবাদিক হাসান জাকিরসহ অন্তত ১০ জন আহত হন। এঁদের মধ্যে রানা মিয়ার অবস্থা আশঙ্কাজনক। বেলা আড়াইটার দিকে সূচক ঘুরে দাঁড়াতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ দিকে বিনিয়োগকারীরা সময় টেলিভিশনের গাড়িসহ অন্তত ১০টি গাড়ি, রহমান চেম্বার, রশীদ মোটর ভবন, হোটেল ঘরোয়া ভবন, ইসলামী ব্যাংক অফিস, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ভবনসহ বেশ কিছু ভবনের গ্লাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ তিনজনকে আটক করে।এ ব্যাপারে আবু হাজ্জাজ বলেন, ‘সকাল থেকেই বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তবে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা বেপরোয়া হয়ে গেলে আমরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’ তিনি বলেন, সবাই সমস্যা করছে না, কিছু কিছু লোক সমস্যার সৃষ্টি করছে।আবু হাজ্জাজ তিনজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।বাজার পরিস্থিতি: আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক বেড়ে গেলেও কিছুক্ষণের মধ্যে সূচকের পতন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ সূচক ৫০ পয়েন্ট কমে গেলেও এরপর ঘুরে দাঁড়াতে শুরু করে সাধারণ সূচক। দিনের সাধারণ মূল্যসূচক ৪২৮.৩২ পয়েন্ট বেড়ে ৬৮২২.৮৫ পয়েন্টে দাঁড়ায়। আজ মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির এবং কমেছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৭৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক আজ ১০৬২.৩৮ পয়েন্ট বা ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১৯৪৯১.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সেখানে ১১৬ কোটি টাকার লেনদেন হয়।