ব্যাপক দরপতনের ঘটনায় আজ সোমবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ব্যাপক বিক্ষোভ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ বিক্ষোভের ঘটনা ঘটে।এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও কয়েক দফা লাঠিপেটা, টিয়ার গ্যাস নিক্ষেপ ও ঘটনাস্থল থেকে কমপক্ষে ৬১ জনকে আটক করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। আধ ঘণ্টার মধ্যে সাধারণ সূচক ৪৩৬ পয়েন্ট পতন হয়। এ সময় পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা অগ্নিসংযোগের মাধ্যমে ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে অংশ নেন।দুপুর সোয়া ১২টার দিকে ডিএসইর বিপরীত পাশে অবস্থিত মধুমিতা ভবনের ভেতরে বিনিয়োগকারীরা গ্লাস ভাংচুর শুরু করেন। এ সময় ওই ভবনের সামনের সড়কে ভাঙা কাচের টুকরো পড়তে থাকে। একই সঙ্গে মধুমিতা ভবনসহ বিভিন্ন ভবন থেকে ইট, কাগজ ও পানির বোতল ও বড় জার নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, মধুমিতা ভবনেও রয়েছে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউস।দুপুর ১২টার দিকে নিপুণা সার্ভিস স্টেশনের পাশে রাখা পুলিশের একটি গাড়ি ভাংচুর করেন এবং ওই গাড়ির চালক জয়নাল আবেদিনকে মারধর করেন। এ ছাড়া দৈনিক বাংলা মোড়ে আরও অন্তত ২০টি গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।এ সময় বিনিয়োগকারীরা সেখানে কর্তব্যরত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ক্যামেরা ভেঙে ফেলেন। তাঁদের আঘাতে টেলিভিশন চ্যানেল আরটিভির ক্যামেরাম্যান মাসুদ, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান আবদুর রব ও মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান আবুল কালাম আজাদ আহত হন।দুপুর সোয়া ১২টার দিকে বিনিয়োগকারীরা মধুমিতা ভবনের ছয় তলায় আগুন লাগিয়ে দেন। প্রায় ২০ মিনিট পর নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সময়ে ডিএসইর সামনে ঝুলন্ত তারে আগুন লাগিয়ে দেন বিনিয়োগকারীরা। তবে ডিএসইর নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ডিএসইর কর্মচারীদের সঙ্গে বিনিয়োগকারীদের হাতাহাতির ঘটনা ঘটে।একপর্যায়ে বিনিয়োগকারীদের পাশাপাশি সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরাও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা পৌনে একটার দিকে পুলিশ সড়কের দুই পাশে অবস্থানরত বিনিয়োগকারীদের সরাতে বেধড়ক লাঠিপেটা শুরু করে। একই সঙ্গে শুরু করে গণ-আটক। পুলিশ ডিএসই ভবনের (৯/ই) নিচতলাসহ বিভিন্ন ভবনে ঢুকে বেধড়ক লাঠিপেটা শুরু করেন এবং সেখান থেকে সাইদুর রহমান, সুমন, মাসুম এবং নিপুণা সার্ভিস স্টেশনের সামনে থেকে রাসেল, মোজাম্মেলসহ অন্তত ৩০ জনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত আটটি টিয়ার শেল নিক্ষেপ করে।পরে বেলা আড়াইটার দিকে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল বাতেন ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি ডিবি) মনিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তাঁরা উভয়ে মধুমিতা ভবনে অভিযান চালিয়ে কমপক্ষে ২৭ জন আটক করেন। এর আগে ডিএসইর সামনে থেকে আরও চারজনকে আটক করা হয়। এ নিয়ে আটকেসংখ্যা ৬১ জনে দাঁড়ায়। তবে পুলিশের পক্ষ থেকে ৪৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এদিকে বিনিয়োগকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পৌনে চারটার দিকে পুলিশ বিনিয়োগকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান-চলাচল স্বাভাবিক হয়।মতিঝিল বিভাগের পুলিশের ডিসি আবদুল বাতেন বলেন, ‘আমরা মানুষের জান-মাল রক্ষার্থে অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছি। বিনিয়োগকারীরা এখানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালালে আমরা তাঁদেরকে সরিয়ে দেই।’গোয়েন্দা পুলিশের ডিসি মনিরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনো আপত্তি নেই। তবে কেউ জনগণের ক্ষয়ক্ষতি সাধন করলে আমরা অ্যাকশনে যাচ্ছি।’ তিনি জানান, বিক্ষোভে কোনো বিশেষ মহলের ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে সিএসইতে আজও দরপতনের ঘটনা ঘটেছে। দরপতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সকালে নগরের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা সেখান থেকে আগ্রাবাদ কমার্স কলেজ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিনিয়োগকারীরা দরপতনের জন্য দায়ী করে অর্থমন্ত্রী ও আ হ ম মোস্তফা কামালের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা অর্থমন্ত্রী, ডিএসই, সিএসইর প্রেসিডেন্টেরও পদত্যাগ দাবি করেন।এ ছাড়া বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরামের নেতারা কাল মঙ্গলবার সকাল নয়টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।বাজার পরিস্থিতি: আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৭২.৯০ পয়েন্ট বা ৭.৮১ শতাংশ কমে ৫৫৭৯.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র তিনটির এবং কমেছে ২৪৬টি প্রতিষ্ঠানের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে মোট ৬৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে।অন্যদিকে সিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ১৩০০.৯১ পয়েন্ট বা ৭.৪৭ পয়েন্ট কমে ১৬১১২.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া মোট ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র একটির এবং কমেছে ১৭৫টি প্রতিষ্ঠানের। আজ সেখানে ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে।