বিনিয়োগকারীদের কাছ থেকে ফেসবুকের ১৫০ কোটি ডলার সংগ্রহ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।নতুন সংগৃহীত ১৫০ কোটির মধ্যে ১০০ কোটি গোল্ডম্যানের বিদেশি গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংক ফেসবুকের শেয়ার বিক্রির বিষয়টি পরিচালনা করে। আর বাকি ৫০ কোটি ডলার গোল্ডম্যান ও রাশিয়ার ডিজিটাল স্কাই টেকনোলজির।ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে ওভারসাবসক্রাইবড অফারের মাধ্যমে আরও অর্থ সংগ্রহ করবে।ফেসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ইবারসম্যান বলেন, নতুন এই অর্থ সংগ্রহ আমাদের ব্যবসাকে আরও ভালোভাবে এগিয়ে নিতে সহায়তা করবে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।ফেসবুক জানায়, চলমান তহবিল সংগ্রহের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে আপাতত প্রতিষ্ঠানটির কোনো বিশেষ পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে এই অর্থ খরচ করা হবে। বিবিসি।