বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বড় একটি অংশই এখনো সুদ মওকুফ-সুবিধা পায়নি। অথচ মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং দুই স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের এক জরুরি সভায় গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান। তবে বিএমবিএ ও স্টক এক্সচেঞ্জের সমন্বিত প্রতিবেদন দাখিলের সময়সীমা পরে জানানো হবে। গতকাল বুধবার শেয়ারবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে। এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ছাড়া আর কোনো মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস এসইসির নির্দেশনা পরিপালন করতে পারেনি। তবে নির্দেশনা পরিপালন করতে এসইসিতে এসব প্রতিষ্ঠান তিন মাসের সময় চেয়ে আবেদন জানায়। গতকাল কমিশনের জরুরি বৈঠকে আরও দেড় মাস সময় বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কিম বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘আমরা ওই প্রতিষ্ঠানগুলোর সময় বাড়ানোর আবেদন পেয়েছি। শেয়ারবাজারের সার্বিক দিক বিবেচনায় নিয়ে সোমবার কমিশনের জরুরি বৈঠকে স্কিম বাস্তবায়নে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর বিএমবিএ ও স্টক এক্সচেঞ্জের সমন্বিত প্রতিবেদন দাখিলের সময়সীমা পরে জানানো হবে।’গত ১০ জুলাই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক বছরের সুদ মওকুফ করতে নির্দেশ দেয় এসইসি। নির্দেশনা পরিপালন করে সংশ্লিস্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে ১৪ আগস্টের মধ্যে এসইসিতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্রোকারেজ হাউসই এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল করেনি। তবে মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে তাদের সংগঠন সময় বাড়ানোর আবেদন জানালেও স্টক এক্সচেঞ্জ এ ধরনের কোনো আবেদন জানায়নি। যদিও ব্রোকারেজ হাউসগুলো আলাদাভাবে সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। গত নভেম্বর মাসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা দেয় এসইসি। তারই আওতায় গত মার্চে ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের চূড়ান্ত নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়। তাতে বলা হয়, শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগ করে তার বিপরীতে যাঁরা ঋণ-সুবিধা নিয়েছেন কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সব শ্রেণীর বিনিয়োগকারীর জন্য আইপিওতে ২০ শতাংশ কোটা সরক্ষণেরও ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ও ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের পরও ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই এখনো পর্যন্ত এ সুবিধা পাননি। এ অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সুদ মওকুফ-সুবিধা কার্যকরের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে ১৪ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। কিন্তু তাতেও সাড়া দেয়নি ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। উল্টো সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এসইসির জরুরি সভায় সুদ মওকুফের সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।