বিনিয়োগকারীদের জন্য ঈশ্বরদীতে বিমানবন্দর চালু করার দাবি
ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের যাতায়াতের সুবিধার জন্য ও নতুন বিনিয়োগ আকর্ষণ করতে দ্রুত ঈশ্বরদী বিমানবন্দর চালু করার দাবি জানিয়েছেন মাসকো গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এ সবুর। গত রোববার ঈশ্বরদী ইপিজেড পরিদর্শন শেষে পাকশী রিসোর্টে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। এ সময় এম এ সবুর বলেন, বিদ্যুৎব্যবস্থা ভালো থাকলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও অনেকদূর এগিয়ে যেত। এম এ সবুর বলেন, ঈশ্বরদীতে ভালো যোগাযোগব্যবস্থা রয়েছে। এখানকার পরিকল্পনাও ভালো। তবে এখানে গ্যাসলাইন থাকলেও মোটা গ্যাসপাইপ (অন্ত ২৪ ইঞ্চি মোটা) লাইন না থাকায় এবং ঈশ্বরদী বিমানবন্দর চালু না থাকায় বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। তিনি ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য গ্যাসলাইন সম্প্রসারণ ও বর্ধিতকরণ এবং ঈশ্বরদী বিমানবন্দর চালু ও একটি হেলিপ্যাড নির্মাণের দাবি জানান। অনুষ্ঠানে মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক এ টি এম মাহবুবুল আলম ও মহাব্যবস্থাপক মাসুম বিশ্বাস উপস্থিত ছিলেন।