বিনিয়োগকারীদের জন্য এনবিআরের প্রজ্ঞাপন জারি
পুঁজিবাজারে সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করলে কর রেয়াত সুবিধা পূণর্বহালসহ মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত ১০ শতাংশ কর কমিয়ে পাঁচ শতাংশে ও ব্রোকারেজ হাউজের কমিশন কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন এ তথ্য জানান। গতকাল রাতে এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।খায়রুল হোসেন বলেন, ‘ওই প্রজ্ঞাপন অনুয়ায়ী সঞ্চয়কৃত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করলে কর রেয়াত সুবিধা পূণর্বহাল থাকবে, যা গত পহেলা জুলাই থেকে কার্যকর হবে। এছাড়া ব্রোকারেজ হাউজগুলোর কমিশন শতকরা দশ পয়সা থেকে কমিয়ে পাঁচ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে।’ তিনি আরো জানান, প্রজ্ঞাপনে এনবিআর মিউচ্যুয়াল ফান্ড থেকে যে কোনো ধরণের আয়কর মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।এই প্রজ্ঞাপনটি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসইসির চেয়ারম্যান।