বিনিয়োগকারীদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনসাইডার ট্রেডিংয়ের কারণে বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হন সেই লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। আজ শনিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্যোগে বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হান্নান জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন।খায়রুল হোসেন বলেন, কমিশন ইতিমধ্যে কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯ পরিবর্তন করেছে। একই সঙ্গে এসইসির ১৯৯৩-এর আইন পরিবর্তনসংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি কোম্পানি আইন পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বুকবিল্ডিং পদ্ধতি সংস্কার, প্লেসমেন্ট নীতিমালা প্রণয়ন, রাইট ইস্যু নীতিমালা পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি।এসইসির চেয়ারম্যান বলেন, বাজারে ইনসাইডার ট্রেডিং যাতে সংঘটিত না হয় এবং বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হন, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলো যাতে ফাঁকি দিয়ে টাকা তুলে নিতে না পারে, সে বিষয়ে কমিশন সজাগ রয়েছে। তিনি বলেন, সূচকের উত্থান-পতন নয়, বরং কেউ নিয়ম ভঙ্গ করছে কি না, তা দেখাই এসইসির কাজ। এ ছাড়া কোনো কোম্পানি যাতে অতিমূল্যায়িত হয়ে বাজারে না আসে, সে দিকেও লক্ষ রাখা হচ্ছে।এসইসির চেয়ারম্যানের মতে, বর্তমান কমিশন এক ঐতিহাসিক সময়ে দায়িত্ব নিয়েছে। ৩ হাজার ২০০ কোটি টাকা লেনদেনের বাজারে সূচক যখন ছিল ৯ হাজার পয়েন্ট, তখন বিনিয়োগকারীরা গুজব-নির্ভর বাজারে বিনিয়োগ করে আজ দিকভ্রান্ত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে নজর রাখছে বর্তমান কমিশন। তিনি আরও বলেন, ‘এ জন্য আমরা সার্ভিল্যান্স ব্যবস্থা জোরদার করছি। নতুন সার্ভিল্যান্স ব্যবস্থা চালু হলে অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।’ এসইসির চেয়ারম্যান বলেন, চাহিদার সঙ্গে জোগানের পার্থক্যের কারণেই বাজার অস্থির হয়েছিল। এ ছাড়া পুঁজিবাজার বিশ্লেষণের সক্ষমতা ছিল না বিনিয়োগকারীদের। নতুন কমিশন সে দিকে লক্ষ রেখেই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে নতুন নতুন আইপিও বাজারে আনা হচ্ছে।