বিনিয়োগকারীদের পাশে রাজনৈতিক নেতারা
শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু করা হয়। বিনিয়োগকারীদের এই কর্মসূচীর সঙ্গে একমত পোষণ করেছেন কয়েকটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা। ডিএসইর সামনে প্রথমেই আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আর বিকেলে ঘটনাস্থলে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (রব) সভাপতি আ স ম আবদুর রব। তাঁরা সবাই বিনিয়োগকারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।এরশাদ বলেছেন, ‘শেয়ারবাজারে ভয়াবহ ধসের কারণে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা কারও কাম্য নয়। কারসাজিতে জড়িতদের সবাই চেনেন। তাঁদের অবশ্যই শাস্তি দিতে হবে।’ আজ রোববার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীদের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আপনি একজন মা হিসেবে তাঁদের (বিনিয়োগকারী) পাশে এসে দাঁড়ান। তাঁদের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করুন।’এ সময় বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন এরশাদ।বিনিয়োগকারীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে তোমাদের দুর্দশার বিষয়টি জানাব। এ সংকট অবশ্যই দূর হবে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আজ রোববার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীদের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।আবদুল মঈন খান বলেন, ‘সরকার আসল অপরাধীদের আড়াল করতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এ জন্য বিনিয়োগকারীদের ওপর জুলুম-অত্যাচার এবং মামলা দায়ের করছে সরকার। আমরা ক্ষমতায় এলে এর সুষ্ঠু বিচার করব। মঈন খান জানান, আমরা ৩৩ লাখ বিনিয়োগকারীর পক্ষে আছি এবং থাকব।’মঈন খান আরও বলেন, ‘শেয়ারবাজার নিয়ে আগেই সরকারকে সতর্ক করেছিলাম। কিন্তু সরকার বিনিয়োগকারীদের শ্রদ্ধা না করে উল্টো তাদের ফাটকাবাজ নামে অভিহিত করছে। শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। এটা কোনোভাবেই কাম্য নয়।’ তিনি বলেন, ‘শেয়ারবাজারে কারসাজি তদন্তে কমিটি গঠন করা হলেও প্রকৃত দোষীদের নাম প্রকাশ করা হচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে প্রকৃত দোষীদের নাম প্রকাশ করা যাবে না। ভবিষ্যতে আমরা সরকারে এলে শক্তিশালী পুঁজিবাজার গঠনের মাধ্যমে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করব।’এ দিকে আগামী সাত দিনের মধ্যে শেয়ারবাজারের সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (রব) সভাপতি আ স ম আবদুর রব। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ঘিরে রাখা চাটুকারদের বলয় থেকে বের হয়ে ৩৪ লাখ সাধারণ বিনিয়োগকারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।আজ রোববার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আবদুর রব এসব কথা বলেন।আবদুর রব বলেন, ‘বর্তমান সরকার দিনবদলের কথা বলে ক্ষমতায় এসেছে। সুতরাং ৩৪ লাখ মানুষকে হত্যা করা যদি দিনবদল হয়, তাহলে আমরা এই দিনবদল চাই না।’ তিনি শেয়ারবাজারের বর্তমান অবস্থার জন্য সরকারের অদক্ষতা এবং আন্তরিকতার অভাবকে দায়ী করেন। একই সঙ্গে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে শেয়ারবাজারের দিকে বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান তিনি।আবদুর রব বলেন, ‘অবিলম্বে শেয়ারবাজারের সমস্যা সমাধান করুন। অন্যথায় শেয়ারবাজারে বিনিয়োগকারী যুবকেরা সত্ পথে না চলে অন্য পথে গেলে কিছুই করার থাকবে না।’এ ছাড়া বিনিয়োগকারীদের অনশনস্থলে চিকিত্সক ও অ্যাম্বুলেন্স পাঠানোর আহ্বান জানান রব।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহিরও ডিএসইর সামনে এসে বিনিয়োগকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম মহাসচিব শাহাদাত্ হোসেন সেলিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও দৈনিক শেয়ারবিজ কড়চার প্রধান সম্পাদক মনজুর সাদেক খোশনুবির ডিএসইর সামনে এসে বিনিয়োগকারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।