বিনিয়োগকারীদের প্রতিবাদ করতেও দিচ্ছে না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদ করতে পারছেন না বিনিয়োগকারীরা। আজ সোমবার ডিএসইর সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের বেশি পড়ে যায়।অব্যাহত এই দরপতনের প্রতিবাদে বেলা দেড়টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাসহ বেশ কিছু বিনিয়োগকারী ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইদ চৌধুরী, সাধারণ বিনিয়োগকারী সুব্রত সরকার, ফারুক, কাজী মইনুদ্দিন, মুরাদ ও মাহে আলমকে আটক করে মতিঝিল থানায় নিয়ে যায়।ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) সুফিয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, বিনিয়োগকারীরা অনুমতি না নিয়ে ডিএসইর সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। এর আগে তাঁরা সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে কারণেই তাঁদের আটক করা হয় বলে জানান তিনি।বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘অব্যাহত দরপতনে আমরা দিন দিন নিঃস্ব হচ্ছি। এরপরও আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। আজও শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গেলে আমাদের পুলিশ আটক করে।’সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক নয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আন্দোলন না করলে পুলিশ আটককৃতদের ছেড়ে দেওয়ার ব্যাপারে শর্তজুড়ে দিয়েছে।’ এ ব্যাপারে পুলিশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।এদিকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতিসহ নয়জনকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ। আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে তাঁরা যৌথভাবে এই প্রতিবাদ জানান। একই সঙ্গে আটককৃতদের মুক্তি দাবি করেন তাঁরা।এর আগে শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে গত ২৪ জানুয়ারি মতিঝিল এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা ২৩ জানুয়ারি এই ঘোষণা দেওয়ার পর পুলিশ সক্রিয় হয়ে ওঠে। ওইদিন বিকেলে ডিএসইর সামনে বিক্ষোভ করার সময় বিনিয়োগকারীদের লাঠিপেটা করে ডিএসইর সামনে থেকে সরিয়ে দেন। ওইদিন ঘটনাস্থল থেকে পুলিশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতিসহ বেশ কয়েকজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।