বিনিয়োগকারীদের বিক্ষোভ প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হলেও ক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে তাঁদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা হাতে কালো পতাকা নিয়ে মিছিল করেন। বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনেও। তবে গতকাল বাজারে লেনদেন চলাকালে বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে। তাতে মার্চেন্ট ব্যাংককে দেওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর মাস করা হয়। এই খবর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কিছুটা সহায়তা করেছে। কেননা, ঋণ সমন্বয়ের সময় বাড়ানোর ফলে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমবে।সর্বনিম্ন লেনদেন: গতকাল দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার ৩৯৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট বেশি। গতকাল দিনশেষে ডিএসইতে ২৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম। শুধু তা-ই নয়, চলতি বছরের ২০ ও ২৫ জানুয়ারির অস্বাভাবিক লেনদেন বাদ দিলে বিগত ২৬ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ ২০০৯ সালের ৩০ মার্চ ২৭৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।জানা গেছে, আইসিবি ইনভেস্টরস ফোরামের পূর্বঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতিষ্ঠানটির অনেক সাধারণ বিনিয়োগকারী গতকাল লেনদেনে অংশ নেননি। সামগ্রিকভাবে লেনদেন কমার এটিও একটি কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিক্ষোভ: বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ গতকাল ডিএসই ভবনের সামনে তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের পদত্যাগ দাবি করে। একই সঙ্গে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। পরে তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে ১৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে। কর্মসূচি চলাকালে মতিঝিল এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। অপরদিকে ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে একদল বিনিয়োগকারী গতকাল দুপুর ১২টার দিকে নগরের আগ্রাবাদ এলাকায় সিএসইর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি মিছিলও বের করা হয়। এসইসির সংবাদ সম্মেলন: বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে গতকাল এসইসির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এই সংবাদ সম্মেলনে বলেন, বাজারের সাম্প্রতিক গতিবিধি কমিশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বাজারের স্থিতিশীলতা আনতে অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সাইফুর রহমান আরও জানান, বাজারে স্থিতিশীলতা আনতে কমিশন বা এসইসি যাবতীয় পদক্ষেপ নিয়েছে ও নিচ্ছে। আসন্ন বাজেটেও পুঁজিবাজারবান্ধব যা কিছু করা দরকার, সরকার তা করবে—এমনটাই আশা করা হচ্ছে। বিনিয়োগকারীদের কোনো পরামর্শ থাকলে তা লিখিত আকারে কমিশনে দাখিল করারও অনুরোধ জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে। এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, বর্তমানে বাজারের যে অবস্থা তা বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো সময়। বাজারের গড় মূল্য আয় অনুপাত (পিই) এখন ১৫ দশমিক ১১। এ অবস্থায় কোনো বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করলে নিশ্চিতভাবেই লাভবান হবেন।