বিনিয়োগকারীদের বিক্ষোভে উত্তাল মতিঝিল, সড়কে আগুন
শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে আজ রোববারও ডিএসইর সামনে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। বিক্ষোভ চলাকালে তাঁরা ডিএসইর সামনের সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উত্তপ্ত হয়ে ওঠে মতিঝিলে ডিএসইর আশপাশের এলাকা।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৩ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বের হয়ে যান। তাঁরা ডিএসইর মূল ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা আগের মতো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বেলা সোয়া দুইটার দিকে ডিএসইর পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ড ভবনের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিনিয়োগকারীরা। পুলিশ সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে বিনিয়োগকারীরা মধুমিতা ভবনের সামনে সড়কের দুই পাশেই টায়ারে আগুন জ্বালান। পুলিশ আগুন নেভাতে গেলে বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা তিনটা) মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিনিয়োগকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরে বিকেল চারটার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়।