বিনিয়োগকারীদের মুনাফা করমুক্ত থাকছে
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় আরোপ করা কর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে নতুন অর্থবছরে বিনিয়োগকারীদের নতুন করে আরোপ করা অর্জিত মুনাফায় কর দিতে হবে না।
আজ শনিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কর প্রত্যাহারের ঘোষণা দেন।
৫ জুন অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফার ওপর করারোপের প্রস্তাব করেন। বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা ১০ লাখ থেকে ২০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে এবং ২০ লাখের বেশি হলে ৫ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেছিলেন আবুল মাল আবদুল মুহিত।
আজ জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারের বিকাশ ও বিনিয়োগকে উত্সাহিত করার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণ করমুক্ত সুবিধা পুনর্বহাল করা, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বৃদ্ধি করা এবং ৩০ শতাংশ বা অধিক লভ্যাংশ প্রদানকারী তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রদেয় করের ১০ শতাংশ আয়কর রেয়াত প্রদানের প্রস্তাব বিবেচনার জন্য মহান সংসদকে অনুরোধ করছি।’
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় করারোপ করায় সংশ্লিষ্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) পক্ষ থেকে এ কর প্রত্যাহারের দাবি জানানো হয়।