ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সামনে বিশাল সুযোগ সৃষ্টি করবে। এ ব্যবস্থা সাধারণ জনগণ বিশেষ করে গৃহিণী, পেশাজীবী ও অনাবাসী বাংলাদেশিসহ অনেকের দৌরগোড়ায় শেয়ার লেনদেন সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় শেয়ার বাজার মেলা উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত ‘ইন্টারনেটে লেনদেন সেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আবু আহমেদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সহসভাপতি আল মারুফ খান ও তারিক কামাল, সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মদ চৌধুরী, পরিচালক এস এস এম শহীদুল্লাহ প্রমুখ। বিভিন্ন পেশার অনেক বিনিয়োগকারী সেমিনারে অংশ নেন।আল মারুফ খান বলেন, ঢাকার মতো ব্যস্ত যানজটের শহরে নিয়মিত ব্রোকারেজ হাউসে গিয়ে লেনদেন করা অনেক বিনিয়োগকারীর পক্ষেই কষ্টসাধ্য। এ ক্ষেত্রে ইন্টারনেট লেনদেন সেবা একটা ভালো বিকল্প হতে পারে। এ ব্যবস্থার মাধ্যমে তাঁরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। তিনি বলেন, এই ব্যবস্থায় বিনিয়োগকারীদের লেনদেনের গোপনীয়তা বজায় থাকে এবং তাঁরা ঠিক কী দামে এবং কোন সময়ে শেয়ার বেচাকেনা করবেন, সে সিদ্ধান্ত নিতে পারবেন।সেমিনারে বক্তারা বলেন, সিএসইর যথাযথ প্রচারণা ও ব্রোকারেজ হাউসগুলোর বিজ্ঞাপনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট লেনদেন ব্যবস্থা জনপ্রিয়তা পাবে। বিজ্ঞপ্তি।