বিনিয়োগকারীর আস্থা ফেরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজারের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিনিয়োগকারীরা একবার বাজারবিমুখ হলে তাঁদের আর ফিরিয়ে আনা যাবে না। তাই শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, প্রয়োজনে আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নসহ সরকার ঘোষিত পরিকল্পনাগুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের শেয়ারবাজার সংস্কার: চাহিদা ও সরবরাহের প্রতিবন্ধকতা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে এসব কথা উঠে আসে।সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘পুঁজিবাজারে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা গেলে এবং ক্রমান্বয়ে এটা বাড়লে অস্বাভাবিক উত্থান-পতন অনেকাংশেই কমানো যাবে। তা না হলে বিনিয়োগকারীদের হাহাকার কমবে না, পুঁজিবাজার আবারও অস্বাভাবিক আচরণ করবে।’ তাঁর মতে, দেশে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য নতুন প্রজন্ম তৈরি হয়েছে। শিল্প বিকাশে এ প্রজন্মকে বিনিয়োগে উৎসাহী করতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের প্রসঙ্গ টেনে মসিউর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্রোকারেজ হাউসের শাখা খোলার সময় বিনিয়োগকারীদের বিনিয়োগ-ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়নি। এ সময় অনেকে জমি বিক্রি করে শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন। তাঁরা লাভের আশায় এমনটি করেছিলেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের উচিত ছিল, তাঁদের ঝুঁকির বিষয়টি জানানো। কিন্তু সময়মতো তা না জানানোর ফলে পুঁজিবাজারে বড় ধরনের ধসের ঘটনা ঘটেছে। মসিউর রহমান আরও বলেন, দেশের শেয়ারবাজারকে পতন থেকে বের করে আনতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আর্থিক প্রণোদনা থাকা উচিত নয়। শেয়ারবাজারে লেনদেন বাড়াতে বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে টাকা সরবরাহ বাড়ানো হলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অর্থ উপদেষ্টা আসন্ন বাজেটে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাবনারও সমালোচনা করেন।বিশেষ অতিথির বক্তব্যে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, সম্প্রতি পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের পর এসইসি পুনর্গঠন করা হচ্ছে। বর্তমান কমিশন সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি বলেন, বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থে বর্তমান আইনের প্রয়োগ এবং প্রয়োজনে বিদ্যমান আইনের সংস্কার ও নতুন আইন তৈরি করা হবে। অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী গতকাল বলেন, পুঁজিবাজার বিকাশে বিনিয়োগ লাগবে, বিনিয়োগকারীও লাগবে। তাই কোনো পদক্ষেপে বিনিয়োগকারীদের মধ্যে যাতে শঙ্কা না জাগে, কেউ যাতে ভয় না পায়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে নেতিবাচক ধারণা না করে, বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের কেবল স্বল্পমেয়াদের জন্য নয়, মধ্য ও দীর্ঘমেয়াদে বিনিয়োগের মনমানসিকতা নিয়ে বাজারে আসতে হবে।উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ‘চাহিদার প্রতিবন্ধকতা’ নিয়ে আলোচনা হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান।এ সময় আলোচনায় অংশ নেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম, নিরীক্ষক প্রতিষ্ঠান রহমান অ্যান্ড রহমান হকের অংশীদার আদিব এইচ খান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং ব্রুমার অ্যান্ড পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ কাদির।হোসেন জিল্লুর রহমান বলেন, পুঁজিবাজার এখন একটি সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে বাজারের চাহিদার প্রতি গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের শেষ অধিবেশনে ‘সরবরাহ প্রতিবন্ধকতা’ নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিসিসিআইয়ের পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী। আলোচনায় অংশ নেন ডিসিসিআইয়ের পরিচালক নিয়াজ রহিম, জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, আইএফসি বাংলাদেশের করপোরেট গভর্নেন্সের প্রকল্প ব্যবস্থাপক জাকিউল্লাহ সায়ীদ মুন্সি, বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও লিডারশিপ কনসালট্যান্টের আকবর হাকিম।