এ সপ্তাহের সাক্ষাৎকার: শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান
বিনিয়োগকারীরা এখনো যথেষ্ট সচেতন হননি
প্রথম আলো: শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবেন?ফায়েকুজ্জামান: বড় একটি ধসের পর বাজার এখন ধীরে ধীরে স্থিতাবস্থার দিকে এগোচ্ছে। ’৯৬ সালের ধসের পর বাজারের স্থিতিশীলতা ফিরতে অনেক বছর সময় লাগলেও এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ বিভিন্ন উদ্যোগের কারণে বাজারে স্থিতাবস্থা ফিরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। যদিও অনেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সমালোচনা করেছেন। তবে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতে এটির দরকার ছিল। কিন্তু সাম্প্রতিক বিপর্যয়ের পর বিনিয়োগকারীদের সচেতনতা অনেক বাড়বে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। দুঃখজনক হলেও সত্য যে, বিনিয়োগকারীদের সচেতনতা এখন সেভাবে বাড়েনি। তারা কোম্পানির মৌলভিত্তির পরিবর্তে হুজুগে বা গুজবনির্ভর বিনিয়োগে বেশি ঝুঁকছেন। দীর্ঘমেয়াদি নয়, স্বল্পমেয়াদি লাভের আশাই তাঁদের মধ্যে বেশি। প্রথম আলো: সাম্প্রতিক সময়ে কিছু কিছু শেয়ারের দাম যে হারে বাড়ছে, সেটিকে কতটা যৌক্তিক?ফায়েকুজ্জামান: তালিকাভুক্ত কিছু কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত। তার পরও এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অথচ বেশির ভাগ কোম্পানির শেয়ারই বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। তাই বিনিয়োগকারীদের আরও সতর্ক হওয়া উচিত। প্রথম আলো: বাজার বিপর্যয়ের পর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠিত হয়েছে। নতুন কিছু আইনকানুনও হয়েছে। সব মিলিয়ে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাকে কীভাবে দেখছেন? ফায়েকুজ্জামান: শেয়ারবাজার ধসের পর সংস্কারের অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার বাজার তদারকিব্যবস্থা শক্তিশালী ও আধুনিক করার কাজ চলছে। কিছু নতুন বিধিবিধান তৈরি করা হয়েছে। এগুলোর সঠিক ও যথাযথ বাস্তবায়ন হলে শেয়ারবাজারে অনৈতিক কর্মকাণ্ড বা অনিয়মের ঘটনা অনেক কমে আসবে। তবে এখনো বাজারের আয়তনের তুলনায় নিয়ন্ত্রক সংস্থার জনবল খুবই অল্প। বাজারের স্বার্থেই এসইসিতে জনবল বাড়ানোর বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্টক এক্সচেঞ্জগুলোর আইনি যে ক্ষমতা রয়েছে, সেগুলো যথাযথভাবে পরিপালনের বিষয়টি নিশ্চিত করা দরকার। প্রথম আলো: পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে আমরা আইসিবির বিভিন্ন অনিয়মের বিষয়ে জেনেছি। সেসব অনিয়মের বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? ফায়েকুজ্জামান: ‘তদন্ত প্রতিবেদনে আইসিবির যেসব অনিয়ম ও ত্রুটিবিচ্যুতি তুলে ধরা হয়েছে, তার প্রতিটি বিষয়ই আমরা বিশ্লেষণ করেছি। দেখেছি, কিছু বিষয়ে ভুলভাবে আইসিবিকে দায়ী করা হয়েছে। যেমন, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান আইসিবির মাধ্যমে লেনদেন করে থাকে। সেসব লেনদেনকেও আইসিবির লেনদেন হিসেবে দেখানো হয়েছে। আবার আইসিবির কিছু কর্মকর্তার নাম এসেছে যাঁরা কেউই আইসিবির মাধ্যমে বাজারে লেনদেন করেননি। করেছে ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্রোকারেজ হাউসের মাধ্যমে। এর সঙ্গে আইসিবির সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। সম্ভবত সময়স্বল্পতার কারণে তদন্ত কমিটি এসব বিষয়ে অধিকতর যাচাই-বাছাইয়ের সুযোগ পায়নি। তার পরও আমরা বিষয়গুলোকে একটি সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করেছি। আইসিবির কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকে, সততার সঙ্গে কাজ করে সেদিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এখন কাজ করছি।প্রথম আলো: শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়ে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটি কেন হচ্ছে? ফায়েকুজ্জামান: কেন তারা গড়িমসি করছে সেটি আমি সঠিকভাবে বলতে পারব না। তবে সরকার ঘোষিত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা ঋণদাতা সব প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। যখন বাজার ভালো ছিল, তখন ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ক্ষেত্রবিশেষে ঋণের বিপরীতে ৩০ শতাংশ পর্যন্ত সুদ আদায় করে অনেক মুনাফা করেছে। তাই এখন আর্থিকভাবে ক্ষতির মুখে পড়া বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোটা প্রতিষ্ঠানগুলোর মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। আবার এসব বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি কমানো না যায়, তাহলে অনাদায়ী সুদ আদায় করা প্রতিষ্ঠানগুলোর জন্য দুরূহ হবে। প্রথম আলো: আইসিবি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কী পরিমাণ সুদ মওকুফ করেছে? ফায়েকুজ্জামান: আইসিবি ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা সুদ মওকুফ করেছে। পাশাপাশি সুদের বাকি অংশ ও মূল ঋণকে ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর করার ফলে আইসিবির আরও প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে।সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন