বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আবারও সক্রিয়
দেশের পুঁজিবাজারে আজ বুধবারও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করায় যেসব বিনিয়োগকারী বাজার থেকে দূরে ছিলেন, তাঁদের অনেকেই আবার বাজারে সক্রিয় হচ্ছেন। ফলে কয়েক দিনের মতো আজও ভালো লেনদেন হয়েছে। তবে অতিরিক্ত দাম দিয়ে শেয়ার না কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তাঁরা।ডিএসই সূত্রে জানা যায়, আজ সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। আধা ঘণ্টার মধ্যে সূচক ২০৬ পয়েন্ট বেড়ে যায়। তবে ১৫ মিনিটের মধ্যে সূচক কিছুটা কমলেও আবারও বাড়তে থাকে। দিন শেষে সাধারণ সূচক ২৬৫.৪৩ পয়েন্ট বেড়ে ৬,৩১৬.৫৩ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া ডিএসইতে এক হাজার ২৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, গতকালের চেয়ে তা ২৭৯ কোটি টাকা বেশি। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জটিতে ৯৬৪ কোটি টাকার লেনদেন হয়। সর্ব শেষ গত ৩১ জানুয়ারি ডিএসইতে এক হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বেক্সটেক্স, আফতাব অটোমোবাইল, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনাইটেড এয়ারওয়েজ, ওয়ান ব্যাংক, ম্যাকসন স্পিনিং, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও গ্রামীণফোন।আজ ডিএসইতে সবচেয়ে বেশি বেড়েছে ওশান কনটেইনারের শেয়ারের দাম। এ ছাড়া ফেডারেল ইনস্যুরেন্স, কেপিসিএল, কাসেম ড্রাই সেল, সিএমসি কামাল, অ্যাকটিভ ফাইন, আল-আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, প্রাইম ইনস্যুরেন্স ও বিডি কম দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ বেশি কমেছে এশিয়া ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, জিল বাংলা, আইসিবি ইসলামিক ব্যাংক, মুন্নু জুটেক্স, আলহাজ টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে।আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭২১.৩৯ পয়েন্ট বেড়ে ১৭,৮১৭.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৫০ কোটি টাকার লেনদেন হয়েছে।